মশার দেহে ম্যালেরিয়াবিরোধী জিনের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা
গবেষকরা মশার দেহে এমন এক জিনের অস্তিত্ব চিহ্নিত করেছেন, যা মানব শরীরে ম্যালেরিয়া সৃষ্টির জন্যে দায়ী প্লাসমোডিয়াম জীবাণুর সাথে লড়াই করতে মশাকে সহায়তা করে।
বাল্টিমোরের জন্স হপকিন্স ইউনিভার্সিটির এক বিবৃতি থেকে জানা যায়, এনোফিলিস মশা পৃথিবীব্যাপী প্রতিবছর ৫৫০ মিলিয়ন মানুষের দেহে ম্যালেরিয়ার জীবাণু সংক্রমণ করে। এর মধ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় দুই মিলিয়নেরও বেশি লোক।
জন্স হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেল্থ ম্যালেরিয়া রিসার্চ ইনস্টিটিউট, ইউনিভার্সিটি অব টেক্সাস মেডিক্যাল ব্রাঞ্চ, ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন এবং জার্মানির ইউরোপিয়ান মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরির গবেষকরা একযোগে গবেষণা চালিয়ে এই জিনের অস্তিত্ব আবিষ্কার করেছেন।
মশা যখন ম্যালেরিয়া আক্রান্ত মানুষ থেকে রক্ত নেয়, তখন তারা ম্যালেরিয়ার জীবাণু দ্বারা আক্রান্ত হয়। জীবাণুটির বয়োঃবৃদ্ধি ঘটলে এটি মশার পরিপাক থেকে লালাগ্রন্থে চলে আসে। আর একবার জীবাণুটি লালাগ্রন্থে আসলে, তখন যদি সেই মশা কোনও মানুষকে কামড় দেয়, তখন সেই ব্যক্তির মধ্যে ম্যালেরিয়ার জীবাণু প্রবেশ করে।
গবেষণায় দেখা গেছে, কোনও এনোফিলিস মশার দেহে যখন ম্যালেরিয়া জীবাণু প্রবেশ করে, তখন অন্যান্য সময় নিষ্ক্রিয় থাকা তার দেহের এসপিআরএন৬ জিনটি সক্রিয় হয়।
এসপিআরএন৬ জিনের কার্যকারিতা উপলব্ধি করার জন্যে গবেষকরা আরএনএ হস্তক্ষেপ নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে মশার দেহের জিনটিকে নিস্ক্রিয় করে ফেলে।
গবেষকরা দেখেছেন, জিনটিকে অপসারণ করার পর এনোফিলিস মশার দেহে ম্যালেরিয়া জীবাণুর পরিমাণ তিনগুণ বৃদ্ধি পায়। আর এটি অপসারণের ফলে ম্যালেরিয়া জীবাণু থেকে মশার মুক্তি পাওয়ার প্রক্রিয়া বিলম্বিত হয়।
জন্স হপকিন্স ম্যালেরিয়া রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা সহকারী ইপ্পান আব্রাহাম বলেন, এই গবেষণাটির মাধ্যমে মশার দেহের ম্যালেরিয়া-জীবাণু সম্পর্কে আমাদের জ্ঞান বেড়েছে। এর ফলে ভবিষ্যতে রোগটিকে নিয়ন্ত্রণ করতে আমরা প্রাপ্ত তথ্যকে কাজে লাগাতে পারবো।
আব্রাহাম ও তার সহকর্মী মার্সেলো জ্যাকব্স-লরিনা তাদের গবেষণা অব্যাহত রেখেছেন। মশার দেহে সার্বক্ষণিক এসপিআরএন৬ জিন সক্রিয় রাখার মাধ্যমে এমন একটি মশা তৈরি করতে তার কাজ করছেন, যা প্রাণীটিকে প্লাসমোডিয়াম জীবাণু থেকে নিরাপদে রাখবে।
তাদের বিশ্বাস, এ ধরনের মশা মানব দেহে ম্যালেরিয়া জীবাণুর প্রবেশ বাধাগ্রস্ত করতে পারবে।
