নওগাঁয় নিহত বাংলাদেশী বালকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ
নওগাঁর সাপাহার উপজেলার কলমোডাঙ্গা বিডিআর ক্যাম্পের সামনে ভারতীয় সীমানায় বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী বালকের লাশ মঙ্গলবার রাত সাড়ে সাতটার বিএসএফ বিডিআর-এর কাছে হস্তান্তর করেছে।
নওগাঁ ২৮ রাইফেলস্ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল জাহিদ হাসান বিডিনিউজকে জানান, নওগাঁর সাপাহার উপজেলার বলিদাঘাট গ্রামের তাজেল হোসেনের ছেলে খায়রুল ইসলাম (১৪) সোমবার ভোর ৪টার দিকে ভারতের আধাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সামনে বিএসএফ’র গুলিতে ঘটনাস্থলেই মারা যায।
ময়নাতদন্ত শেষে বিএসএফ নিহত বালকের লাশ কলমোডাঙ্গা বিডিআরের কাছে হস্তান্তর করে।
নিহত খায়রুল কেন ভারতে প্রবেশ করেছিল, এ ব্যাপারে বিডিআর কিছু জানাতে পারেনি।
