১১২ বেসরকারি কলেজ শিক্ষক-কর্মচারিকে বকেয়া বেতন দিতে সরকারকে হাইকোর্টের নির্দেশ
হাইকোর্ট মঙ্গলবার দেশের ৩৯টি বেসরকারি কলেজের ১১২ জন শিক্ষক-কর্মচারিকে তাদের বকেয়া বেতন পরিশোধের জন্যে সরকারকে নির্দেশ দিয়েছেন।
এই ৩৯টি কলেজের ১১২ জন শিক্ষক ও কর্মচারিদের দায়ের করা পৃথক ৩৯টি রিট পিটিশনের শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন। আদালত একই সাথে আবেদনকারীদের বেতন বন্ধ করা সংক্রান্ত ডিজি অফিসের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কারণ দর্শানো নোটিশ প্রদান করে একটি রুল জারি করেন।
বিচারপতি এমএ মতিন ও বিচারপতি রেজাউল হকের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী তিন সপ্তাহের মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও মহাপরিচালকের কার্যালয় থেকে চলতি বছরের মে মাস থেকে প্রায় ৫০০ বেসরকারি কলেজের তিন হাজারের মতো শিক্ষক-কর্মচারির বেতন বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়।
অধিদপ্তরের এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার তিনটি বেসরকারি কলেজের ১৬ জন শিক্ষক-কর্মচারি এবং মঙ্গলবার পাবনার নিমগাছী ডিগ্রী কলেজ ও সিরাজগঞ্জের মাওলানা তর্কবাগিশ কলেজসহ ৩৩টি কলেজের ৯৬ জন শিক্ষক-কর্মচারি হাইকোর্টে পৃথক ৩৯টি রিট পিটিশন দাখিল করেন।
আবেদনকারীদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এবিএম নুরুল ইসলাম।
হাইকোর্ট এর আগেও ১৭৯ জন শিক্ষক-কর্মচারির দায়ের করা রিট পিটিশনের ভিত্তিতে একই রায় দিয়েছিলেন।
