খুলনায় আবারো শক্তিশালী বোমা বিস্ফোরণ
খুলনার দৌলতপুর হাজীবাড়ি এলাকায় মঙ্গলবার বিকেলে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটেছে।
পুলিশ জানায়, বিকেল সাড়ে ৫টায় বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। বোমাটির বাহক এতে সামান্য আহত হলেও জনসাধারণের কোনও ক্ষতি হয়নি। আহত সন্দেহভাজন ব্যক্তি গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দিয়েছে।
একই এলাকায় রোববার রাতে বোমা হামলায় বিএনপি নেতা মিজানুর রহমান বাবলু নিহত হন।
কেএমপির সহকারী কমিশনার আব্দুর রাজ্জাক বিডিনিউজকে জানান, দৌলতপুরের পাবলা হাজীপাড়ার জনৈক দেলোয়ার হোসেনের তিন তলার ‘উজ্জল কুঠি’ নামক ভবনের ভাড়াটে মাহফুজার (২৮) স্বামী সম্ভবত ওই বোমাটি বহন করছিলো।
তিনি জানান, অসাবধানবশত বোমাটি বিস্ফোরিত হতে পারে। এতে মাহফুজার স্বামী আহত হওয়ার কথা। তবে সে ওই অবস্থাতেই পালিয়ে গেছে।
তাৎক্ষণিকভাবে ওই লোকের নাম জানা যায়নি।
সরেজমিনে জানা যায়, বোমার আঘাতে তিনতলা বাড়িটির নিচতলার একটি ঘরের দরজা ও জানালার কাঁচ ভেঙে গেছে।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যে মাফুজাকে আটক করেছে।
