ঢাবি শিক্ষক খন্দকার আশরাফ হোসেনকে হত্যার হুমকি
কবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক খন্দকার আশরাফ হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
অজ্ঞাত স্থান থেকে পাঠানো একটি চিঠিতে জনৈক ড. এমএ খালেক চৌধুরী এ হুমকি দেয়। মঙ্গলবার সকালে অধ্যাপক খন্দকার হোসেন চিঠিটি পেয়েছেন।
চিঠিতে টিভি অনুষ্ঠানে একটি মন্তব্যের জন্যে অধ্যাপক খন্দকার আশরাফ হোসেনকে সংবাদপত্রে ক্ষমা প্রার্থনা করে বিবৃতি দিতে নির্দেশ দিয়ে উল্লেখ করা হয়, তার মন্তব্য ইসলামের অনুভূতিতে আঘাত হেনেছে।
অধ্যাপক খন্দকার আশরাফ হোসেন জানান, গত ২১ অক্টোবর টিভিতে ‘ টক শো : লালগোলাপ’ নামে একটি অনুষ্ঠানে তিনি নোবেল বিজয়ী হ্যারল্ড পিনটারের কাজ নিয়ে আলোচনা করেছিলেন। তিনি আরও বলেন, এটা দুঃখজনক যে স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কেউ মুক্তভাবে কথা বলতে পারছে না।
বিষয়টি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে লিখিতভাবে অবহিত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. ম আখতারুজ্জামান জানান, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এ ধরণের হুমকি পাচ্ছে। এটা বন্ধ করতে হবে।
