২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্যে বাংলাদেশ থেকে ২০০ মে.টন বিস্কুট পাঠাচ্ছে ডব্লিউএফপি

পাকিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ২০০ মেট্রিক টন উচ্চ প্রেটিন সমৃদ্ধ বিস্কুট সরবরাহ করতে যাচ্ছে বাংলাদেশে পরিচালিত জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 06:17 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

ডব্লিউএফপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, সংস্থাটির একটি বিমান বহর বিস্কুট নিয়ে পেশোয়ারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার অপেক্ষায় রয়েছে।

আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চারদিন ধরে পেশোয়ারে ক্ষতিগ্রস্তদের মাঝে বিস্কুট সরবরাহ করবে সংস্থাটি। ভূমিকম্পে যেসব এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেখানে ত্রাণ পৌঁছানো খুবই কঠিন সেসব এলাকার লোকজনের পুষ্টি চাহিদা মেটাতে এ বিস্কুট সরবরাহ করা হচ্ছে। কেননা উচ্চ প্রোটিন সমৃদ্ধ ও হালকা বহনযোগ্য হিসেবে বিস্কুট উৎকৃষ্ট।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের স্কুলের শিশুদের জন্যে পরিচালিত খাদ্য কর্মসূচির স্টকে থাকা বিস্কুট থেকে এগুলো সরবরাহ করা হচ্ছে। পরবর্তীতে নতুন করে বিস্কুট তৈরি করে বাংলাদেশের স্কুল শিশুদের খাদ্য কর্মসূচির এ স্টক পূরণ করা হবে। এক্ষেত্রে কোনও সংকট দেখা দেবে না। কেননা উব্লিউএফপি’র অধীনে বাংলাদেশেই এ ধরনের বিস্কুট তৈরি করা হয়ে থাকে।

বিশ্বের বৃহত্তম এ মানবিক সংস্থাটি অন্তত ৮০টি দরিদ্র দেশের ক্ষুধার্ত ও পুষ্টিহীন ৯০ মিলিয়ন শিশুর মাঝে খাবার বিতরণ করছে।