মিডিয়ার ক্ষেত্রেও চার বছরে জোট সরকারের ভূমিকা নেতিবাচক
অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর গত চার বছরে তারা কার্যত গণমাধ্যমকে নানা কৌশলে নিয়ন্ত্রণ ও দলীয়করণের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে এ সম্পর্কিত নানা তথ্য।
সরকার ক্ষমতায় আসার পরেই আইনের ফাঁদে বন্ধ হয়ে যায় জনপ্রিয় একুশে টিভি চ্যানেল। বিশেষ ভবনের কর্মকর্তারা একুশে টিভির শেয়ার কেনার চেষ্টা করে ব্যর্থ হয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে।
তাদেরই একাংশ আগামী নির্বাচনকে প্রভাবিত করার লক্ষ্যে শিগগিরই বাজারে ছাড়ছে জোট সরকারের মন্ত্রী ও সমর্থকদের মালিকানায় আরো তিনটি টিভি চ্যানেল।
তবু নতুন পত্রিকা প্রকাশ ও ইলেক্ট্রনিক মিডিয়ার অনুমোদনে সরকারের ভূমিকা ছিলো উদার। বিএনপি সমর্থক বিনিয়োগকারীরা সংবাদপত্র প্রকাশ ও ইলেক্ট্রনিক মিডিয়ার অনুমতি প্রাপ্তিতে প্রাধান্য পেয়েছেন। বিএনপির চার বছরের শাসনামলে প্রকাশিত তিনটি দৈনিক পত্রিকার মধ্যে অন্তত দুটি সরাসরি জোটের রাজনৈতিক আদর্শে বিশ্বাসী। ইলেক্ট্রনিক মিডিয়ার একচেটিয়া অনুমতি পেয়েছে বিএনপির সমর্থক/ সংগঠক নেতা কর্মী হিসেবে পরিচিত বিনিয়োগকারীরা।
এদিকে সরকারের বিরাগভাজণ পত্রিকাগুলোতে সরকারি বিজ্ঞাপন কমিয়ে দিয়ে, কোনো কোনো ক্ষেত্রে বিজ্ঞাপন বন্ধ করে দিয়ে গতিরোধ করার চেষ্টা করা হচ্ছে। এমনকি বেসরকারি বিজ্ঞাপন দাতাদেরও এসব পত্রিকায় বিজ্ঞাপন না দেওয়ার জন্য চাপ সৃষ্টি করার অভিযোগ রয়েছে।
অপরদিকে একটি ট্যাবলয়েড দৈনিককে সরকার নগ্নভাবে ব্যবহার করছে। সরকার সমর্থক পত্রিকাগুলোকে নিয়ম-নীতি না মেনেই অধিক হারে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সাংবাদিকদের ওপর নানা ধরণের নির্যাতন নেমে এসেছে। রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ এনে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে। একই সময় বিএনপি’র রাজনৈতিক আদর্শে বিশ্বাসী অনেককে ‘সাংবাদিক’ হিসেবে বাসস ও বিটিভিতে চাকরি দেওয়া হয়।
গত চার বছরে দেশের বিভিন্ন জায়গায় একজন সম্পাদকসহ ১২ জন সাংবাদিক নিহত হয়েছেন। জোটের মন্ত্রী ও সাংসদের পত্রিকা নিয়ে বিষোদগার, এমনকি সাংবাদিকদের মারপিটের ঘটনা এ পেশার দায়িত্বশীলদের আরো ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।
বাসস থেকে বহিস্কৃত ২১ জন সাংবাদিকের অনেকেই এখনও কর্মসংস্থান খুঁজে পায়নি। বিটিভির বহিস্কৃত চার জন সাংবাদিকদেরও একই হাল। উচ্চ আদালতে তাদের মামলা ঝুলছে বলে জানা গেছে। বাসসের চাকরিচ্যুত সংবাদিক আবুল বাশার এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের (আইএফজে) বার্ষিক প্রতিবেদনে এদেশের সাংবাদিকতা পেশাকে এশিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেছে।
গত চার বছর সাংবাদিকদের ওপর চলছে নানা ধরণের নির্যাতন। সাংবাদিকদের ওপর পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা থেকে হামলা হয়েছে। সন্ত্রাসীদের হাতে এ পর্যন্ত ১২ জন সাংবাদিক নিহত হয়েছেন।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র সাংবাদিক হারুনুর রশীদ ২০০২ সালের ২ মার্চ নিহত হন। সন্ত্রাসীদের বোমা হামলার শিকার হয়ে সংবাদের খুলনা প্রতিনিধি মানিক সাহা প্রাণ হারান। নিজ অফিসের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন প্রবীণ সাংবাদিক হুমায়ুন কবির বালু। বগুড়ায় সন্ত্রাসীদের হাতে প্রাণ দিয়েছেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা দীপঙ্কর চক্রবর্তী। বাড়ি ফেরার পথে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। বোমার আঘাতে প্রাণ হারান দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দিন।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট গত জুনে সর্বশেষ রিপোর্টে বলেছে, মে ২০০৪ থেকে মে ২০০৫ সাল পর্যন্ত ৬ জন সাংবাদিক এদেশে নিহত হয়েছেন। সন্ত্রাসীদের শিকার হয়ে ৫৬ জন আহত হয়েছেন। ৪০৫ জন সাংবাদিক হত্যার হুমকি পেয়েছেন।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস বাংলাদেশ (পিসিজেবি) এদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতনে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সংবাদপত্রের স্বাধীনতা ওপর রিপোর্টারস সান ফ্রান্টিসের(আরএসএফ) প্রেস ফ্রিডম ডে উপলক্ষ্যে প্রকাশিত তাদের রিপোর্টে বাংলাদেশের অবস্থান ১৫১ তম বলে উল্লেখ করেছে।
তবে বিশেষজ্ঞ মহল মনে করছেন, জোট সরকারের মন্ত্রী ও সাংসদদের পত্রিকা ও সাংবাদিকদের সম্পর্কে উস্কানীমূলক বক্তব্য সাংবাদিক নির্যাতনের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে। অর্থমন্ত্রী প্রায়ই তার বক্তব্যে মিডিয়াকে দেশের ভাবমূর্তি নষ্টের বড় শক্র হিসাবে আখ্যায়িত করেন। তার সাথে এখন প্রায়ই সুর মিলাচ্ছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া।
সম্প্রতি কতিপয় সংবাদপত্রকে সন্ত্রাসী বলে বক্তব্য রেখেছেন জামাতের আমীর ও শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী। গত ১২ অক্টোবর সংসদ সদস্য জহির উদ্দীন স্বপন আগৈলঝড়ায় সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করে তাদের প্রতিরোধ করার আহবান জানান।
এদিকে বিএনপি’র নির্বাচনী ইশতেহার অনুসারে সরকার নিয়ন্ত্রিত রেডিও-টেলিভিশনের স্বায়ত্বশাসনের ন্যূনতম উদ্যোগ গত চার বছরে নেওয়া হয়নি। বরং এই গণমাধ্যম দুটির দলীয়করণ অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে।
মিডিয়া জগতের সার্বিক অবস্থা পর্যালোচনা করে দেখা গেছে, জোট সরকার মিডিয়ায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠেছে।
জোট সরকার ক্ষমতায় আসার পরই দেশের জনপ্রিয় টিভি চ্যানেল ইটিভি বন্ধ করে দেওয়ার জন্য তৎপর হয়ে ওঠে। ২০০১ সালের ১৯ সেপ্টেম্বর তিন জন জোট সরকার সমর্থক ইটিভির বিরুদ্ধে মামলা দায়ের করে। পাঁচ মাস ধরে মামলা চলার পর হাইকোর্টের একটি বেঞ্চ লাইসেন্স প্রদানের অস্বচ্ছতার কথা বলে একুশে টেলিভিশনের লাইসেন্স বাতিল করে দেয়।
একুশে টেলিভিশন কর্তৃপক্ষ সুপ্রীম কোর্টে আপীল করলেও আপীল বিভাগ তা গ্রহণ করেনি। সুপ্রীম কোর্টের আপীল বিভাগের রিভিউ পিটিশন খারিজ হওয়ার পর ২০০২ সালের ২৯ আগস্ট রাত ১১ টায় পুলিশ এসে ইটিভির সম্প্রচার বন্ধ করে দেয়। মূল্যবান যন্ত্রপাতি জব্দ করে। এরপর ইটিভির মালিকানা পেতে বিশেষ মহল তৎপর হয়ে ওঠে।
সূত্র জানায়, এ মহলের একজন কর্মকর্তার নামে ইটিভির শেয়ার বিক্রি করে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। শুরু হয় নানাভাবে হয়রানি। এ হয়রানির কারণে হাইকোর্টে গিয়ে ইটিভির চেয়ারম্যান আব্দুস সালাম সরকার পক্ষ তাকে যাতে হয়রানি না করে, সে জন্য আবেদন করেন। হাইকোর্ট তাকে হয়রানি না করার নির্দেশ দেওয়ার পরও, নানা কৌশলে তাকে হয়রানি ও হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে।
বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দীন আল মামুন ‘চ্যানেল ওয়ান’র সিংহভাগ শেয়ারের মালিক হচ্ছেন বলে জানা গেছে।
’বাংলা ভিশন’ অনুমোদন পেয়েছে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। এর নেপথ্যে আরো দুজন মন্ত্রী রয়েছেন। ‘বৈশাখী’র নেপথ্যে থাকছেন পূর্ত মন্ত্রী মির্জা আব্বাস।
ডিএফপির বিজ্ঞাপনকে কেন্দ্র করে সরকার গত চার বছর বিরাগভাজন পত্রিকাগুলোর কণ্ঠরোধ করতে চেয়েছে। ডিএফপির সূত্র জানিয়েছে, সরকার সমর্থক দৈনিক দিনকাল, আমার দেশ, মানবজমিন, সংগ্রাম সর্বোচ্চ বিজ্ঞাপন পেয়েছে।
অপরদিকে জনকণ্ঠকে বশে আনতে এই দৈনিকটির সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়। গত ১৪ ফেব্রুয়ারি সংসদে তথ্যমন্ত্রী এম শামসুল ইসলামের দেওয়া তথ্য থেকে জানা যায়, ২০০৩-২০০৪ অর্থ বছরে জনকণ্ঠকে কোন সরকারী বিজ্ঞাপন দেওয়া হয়নি। ভোরের কাগজ, সংবাদেও তুলনামূলকভাবে সরকারি বিজ্ঞাপন কম পেয়েছে। পত্রিকাগুলোর কার্যক্রম বাধাসৃষ্টি করতে বেসরকারি বিজ্ঞাপন দাতাদের পরোক্ষভাবে চাপ দেওয়া হয় বলেও পত্রিকাগুলোর সূত্র জানায়। এমনকি এসব পত্রিকার মালিকদের অন্যান্য ব্যবসায় নানা হয়রানি করা হচ্ছে।
অথচ বিজ্ঞাপনের নীতি লঙ্ঘন করে একটি ট্যাবলয়েট পত্রিকায় সবচেয়ে বেশি বিজ্ঞাপন দেওয়া হয়। এই ট্যাবলয়েডটি ইটিভি বন্ধ, ২১ আগস্টের গ্রেনেড হামলা, বিদিশা এরশাদকে গ্রেফতারসহ বিভিন্ন ইস্যুতে সরকারের কার্যক্রমের সমর্থনে একপেশে এবং বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের কারণে সরকারি বিজ্ঞাপন অধিক বরাদ্দ দেওয়া হচ্ছে। ট্যাবলয়েডটির সম্পাদক কার্যত জোট সরকারের তথ্য বিষয়ক ‘মুকুটহীন সম্রাট’।
তবে ডিএফপি বিজ্ঞাপন ব্যবস্থায় বিকেন্দ্রীকরণ করায় পরিস্থিতির এখন কিছু উন্নতি হয়েছে। গত ২১ অক্টোবর দৈনিক মানবজমিন ৩৬৭, আমার দেশ ৩০৩, সংবাদ ২৮২, জনকণ্ঠ ২০০, ইত্তেফাক ১৮৬, যুগান্তর ১৪৭, ভোরের কাগজ ১৩৯ এবং প্রথম আলো ৯৬ ইঞ্চি সরকারি বিজ্ঞাপন পেয়েছে। বিজ্ঞাপনের নীতিমালা এক্ষেত্রে মানা হয়নি।
জোট সরকারের চার বছরে মিডিয়ায় ভূমিকার ওপর মন্তব্য করতে গিয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বিডিনিউজকে বলেন, বর্তমান সরকার মিডিয়া শুধু দলীয়করণই নয়, আত্মীয়করণও করেছে। একুশে টিভি তারা বন্ধ করেছে। ইটিভি দখল করতে না পেরে এখন কর্তৃপক্ষকে হয়রানি করছে।
তবে মিডিয়া দলীয়করণ ও হয়রানির আভিযোগ অস্বীকার করে তথ্য মন্ত্রী এম. শামসুল ইসলাম বিডিনিউজকে বলেন, আমরা গত চার বছরে কোনো মিডিয়াকে একদিনের জন্যও হয়রানি করিনি। মিডিয়া অবাধ স্বাধীনতা ভোগ করছে।
