পিআরএপি‘তে বাংলাদেশের দেয়া অঙ্গীকারের প্রশংসা করেছে ইইউ
দারিদ্র্য বিমোচনে এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতির প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন।
ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট যুক্তরাজ্য, সদস্য দেশ এবং ইউরোপীয় কমিশনের পক্ষে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের প্রশংসা করে।
বিবৃতিতে বলা হয়, ‘দ্রুততর দারিদ্র্য বিমোচনে জাতীয় কৌশল: সম্ভাবনার উন্মোচন’ শীর্ষক সুবিস্তৃত কৌশলপত্রে সরকারের উচ্চাকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে।
কৌশলপত্রের বিশ্লেষণে বাংলাদেশের বহুমুখী দারিদ্র্যের প্রকৃতিটি ধরা পড়েছে এবং সত্যিকার অর্থেই অতীত সাফল্যের ভিত্তিতে পিছলে পড়া রোধ ও বাস্তবায়নের ব্যাপারে চাহিদার জানান দিয়েছে। ইইউ প্রেসিডেন্সি যুক্তরাজ্যের মতে, বাংলাদেশ ইতোমধ্যে যে স্থিতিশীলতা, প্রবৃদ্ধি ও মানব উন্নয়নে যে সাফল্য অর্জন করেছে এ কৌশলপত্র সেটির উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করবে।
দারিদ্র্য বিমোচন কৌশলপত্রে নারী ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন ও শক্তিশালী অর্থনৈকিত প্রবৃদ্ধির ক্ষেত্রে প্রশাসনিক ও জননিরাপত্তা সংক্রান্ত দুর্বলতা এবং কিছু কিছু ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের মতো উল্লেখযোগ্য প্রতিবন্ধকতাগুলো যথাযথভাবে সনাক্ত করা হয়েছে।
একইভাবে রাজনৈতিক ও গোষ্ঠীগত সংঘাত, সাম্প্রতিক বোমা হামলা ও জীবনের নিরাপত্তার অভাব এবং অব্যাহত উন্নয়নের পথে অন্তরায় অন্যান্য ইস্যুতে কৌশলপত্রের বাস্তবায়নের মাধ্যমে সরকার প্রতিশ্রুতি রক্ষা করবে বলে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।
দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের খসড়া প্রণয়নের সময় সুশীল সমাজ ও আন্তর্জাতিক পরামর্শকদের সাথে আলোচনা করা সরকারে প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন।
এছাড়া দারিদ্র্য বিমোচন কৌশলপত্র প্রণয়ণের পুরো প্রক্রিয়াটি সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত না হওয়ায় একই সাথে তারা হতাশাও ব্যক্ত করেছে। আগামী ২০০৭ সালের সংসদ নির্বাচন পর্যন্ত কৌশলপত্রের প্রতিশ্রুতি যাতে অব্যাহত থাকে এবং কৌশলপত্র বাস্তবায়নে ভবিষ্যতে যাতে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ আরও জোরদার হয় সে ব্যাপারে জোর দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে কিছু মৌলিক সমস্যার সম্মুখীন। এ সমস্যা মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন সহায়তা করবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
বিবৃতিতে বাংলাদেশের সাথে তাদের অংশীদারিত্বের বিষয়টি ইউরোপীয় ইউনিয়ন মূল্যায়ন এবং আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী বৈঠক সফল করার ব্যাপারে তাদের আগ্রহের কথা ব্যক্ত করেছে।
