২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার একটি মামলার চার্জশিট দাখিল

বরিশালে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় দায়েরকৃত ১২টি মামলার মধ্যে মঙ্গলবার একটি মামলায় চার্জশিট প্রথম শ্রেণীর আদালতে দাখিল করেছে কোতোয়ালি থানা পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 02:09 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার সাব ইন্সপেক্টর (এসআই) চার্জশিটে বরিশাল মহানগর বিএনপির নিহত ছাত্রদল নেতা মাহমুদ হোসেন মেহেদির ছোট ভাই জাহিদ বাবু ওরফে জাহিদি বাবু ও আল-ইকরাম সমাজ কল্যাণ সংস্থার পরিচালক জিয়াউর রহমান জিয়াসহ নয় জনকে অভিযুক্ত করেন।

অভিযুক্তদের মধ্যে পাঁচ জনকে পুলিশ আটক করেছে।

এরা হচ্ছে, নগরীর আল-ইকরাম ইসলামী সমাজ কল্যাণ সংস্থার দৃষ্টি প্রতিবন্ধী পিয়ন আবু সোলায়মান সুজন, কর্মকর্তা গোলাম মোরশেদ রেজা, জালাল আরেফিন, জসিম উদ্দিন এবং মারুফ হোসেন।

বোমা হামলার পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত জিয়াউর রহমান জিয়া এবং জাহিদি বাবু এবং তাদের সহযোগী ইউসুফ ও সাইফুল ইসলাম এখনও পলাতক রয়েছে।

এরা সবাই জেএমবি নেতা-কর্মী বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

১৭ আগস্ট বরিশাল নগরীর ১৮টি স্পটে বোমা বিস্ফোরণ ঘটে। এসময় পথচারিসহ দু’জন আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ১২টি মামলা দায়ের করে। এর মধ্যে ছয়টি মামলা তদন্তের দায়িত্বে রয়েছেন ডিবি পুলিশের এসআই সিরাজুল ইসলাম এবং বাকি ছয়টি তদন্ত করছে কোতোয়ালি পুলিশ।

১৮ আগস্ট কোতোয়ালি পুলিশ স্থানীয় দু’টি মসজিদের ইমাম-মাহফুজুর রহমান ও ওমর ফারুক-এবং যুবলীগ কর্মী মোহাম্মদ কবির ও ক্ষুদ্র ব্যবসায়ী আজম খানকে আটক করে। তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ না পাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেয়।

২৪ আগস্ট পুলিশ নগরীর আল-ইকরাম ইসলামী সমাজ কল্যাণ সংস্থার পিয়ন দৃষ্টি প্রতিবন্ধী আবু সোলায়মান সুজন, গোলাম মোরশেদ রেজা ও জালাল আরেফিনকে গ্রেপ্তার করে।

এদের মধ্যে আবু সোলায়মান সুজন দণ্ডবিধির ১৬৪ ধারায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ইব্রাহীমের আদালতে জবানবন্দি দেয়।

জবানবন্দিতে সে উল্লেখ করে, আল-ইকরাম ইসলামী সমাজ কল্যাণ সংস্থার পরিচালক জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে বরিশালে সিরিজ বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

ওই সংস্থার কার্যালয়ে ১৬ আগস্ট জিয়াউর রহমানের উপস্থিতিতে বোমা হামলার পরিকল্পনা করা হয়। এমনকি বোমা হামলার দিনও তাদের মধ্যে আলোচনা হয়।