দুবাইয়ে স্ত্রী হত্যার অপরাধে বাংলাদেশীর যাবজ্জীবন
স্ত্রী হত্যার অপরাধে দুবাইয়ের রাস আল খাইমা শহরের একটি আদালত সোমবার একজন বাংলাদেশীর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।
আদালতের একজন শীর্ষ কর্মকর্তা জানান, আল নাখিল এলাকায় স্ত্রী শাবানা জিমকে হত্যার অপরাধে আদালত বাংলাদেশী নাগরিক ওয়াহিদ আল ইসলাম মুসলিম আল দীনকে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করে।
যাবজ্জীবন কারাদণ্ড শেষ হওয়ার পর তাকে দেশে ফেরত পাঠানো হবে।
ওই শীর্ষ কর্মকর্তা আরও জানান, অপর বাংলাদেশী আব্দুল ওয়াদুদ আব্দুল গফুর কারাদণ্ডপ্রাপ্ত মুসলিমের স্ত্রী শাবানা ও দুই সন্তানকে বাংলাদেশ থেকে পর্যটন ভিসায় দুবাই নিয়ে আসেন।
পরবর্তীকালে মুসলিম আল দীনের সাথে শাবানার দেখা হয় এবং একসাথে থাকতে থাকে।
আদালতের কর্মকর্তা জানান, মুসলিম একদিন শাবানাকে নিয়ে আব্দুল গফুরের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে রাস্তায় শাবানা অনেক লোকের সাথে খোশগল্প করে। ব্যাপারটি মুসলিম মেনে নিতে পারেনি। এ নিয়ে রাস্তার মধ্যেই তাদের মধ্যে বাক বিতণ্ডা হয়। পরে তারা সফর সংক্ষিপ্ত করে বাসায় ফিরে আসে।
ওই কর্মকর্তা আরও জানান, বাসায় ফিরে মুসলিম আল দীন শাবানার গলায় কাপড় জড়িয়ে ফাঁস দিয়ে তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য গলায় রশি বেঁধে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে।
হত্যাকাণ্ডের পর শাবানার এক সন্তানকে ওই ঘরে রেখেই মুসলিম ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পরদিন বিষয়টি জানাজানি হয়। পুলিশ অপরাধীকে গ্রেপ্তার করতে বড় ধরনের অভিযান চালায়। দুবাই ত্যাগ করার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করে।
