সংসদীয় স্থায়ী কমিটির পর্যবেক্ষণ: বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের মধ্যে প্রচণ্ড সমন্বয়হীনতা
সংসদীয় স্থায়ী কমিটি পর্যবেক্ষণ করে জানিয়েছে, সরকারের বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগের মধ্যে প্রচণ্ড সমন্বয়হীনতা রয়েছে।
সংসদ ভবনে সোমবার অনুষ্ঠিত জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বলেছে, পর্যাপ্ত গ্যাস সরবরাহের অভাবে নয় বরং যান্ত্রিক ত্রুটির কারণে সারা দেশে বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটছে।
সভা শেষে সংসদীয় কমিটির চেয়ারম্যান ও সভার সভাপতি শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ বিভাগ ও জ্বালানি বিভাগের মধ্যে আদৌ কোনও সমন্বয় নেই। সভায় কমিটির সদস্য নিজাম উদ্দিন আহমেদ, ইলিয়াস আলী ও হাবিবুল ইসলাম হাবিব চেয়ারম্যানের বক্তব্যকে সমর্থন করেন।
সভা সূত্র জানায়, বিদ্যুৎ ঘাটতি ও লোড শেডিংয়ের এর জন্যে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের প্রতিনিধিরা একে অপরকে দায়ী করেন।
এছাড়া সভায় জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান পিডিবি চেয়ারম্যানের কাছে জানতে চান, টঙ্গী বিদ্যুৎ কেন্দ্র যান্ত্রিক ত্রুটি না গ্যাস স্বল্পতার কারণে বন্ধ হয়ে যায়?-জবাবে পিডিবি চেয়ারম্যান বলেন, যান্ত্রিক ত্রুটির কারণেই ওই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বিশ্ব ব্যাংক প্রতিনিধি, কমিটির সদস্য সরদার শাখাওয়াত হোসেন বকুল, শামসুজ্জোহা খান প্রমুখ।
