২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ওষুধ ব্যাবসায়ীদের ধর্মঘট

চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে ওষুধের দোকান বন্ধ থাকায় জীবন রক্ষাকারী ওষুধসহ অন্যান্য ওষুধ না পেয়ে রাজশাহীতে রোগীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2005, 06:31 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

রোববার সরেজমিনে দেখা যায়, ওষুধের অভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে অপারেশন বন্ধ রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বৈধ কাগজ ছাড়া ওষুধ রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর ব্যাবসায়ীরা নগরীর সকল ওষুধের দোকান বন্ধ করে দেয়।

রোববার সাকাল ১১টার দিকে ওষুধ ব্যবসায়ীরা নগরীর লক্ষ্মীপুর মোড়ে এক সভায় মিলিত হয়ে ঘোষণা দেয়, গ্রেপ্তারকৃত দুই ব্যবসায়ীকে নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, রাজশাহীর নেতৃবৃন্দ দুপুরে পুলিশ কমিশনারের দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করে, গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি দেওয়া না হলে সারা দেশের ঔষধ ব্যবসায়ীরা ধর্মঘটে যেতে বাধ্য হবে।

এদিকে গ্রেপ্তারকৃত সাজ্জাদ ও রাশেদ নামে দুই ওষুধ ব্যবসায়ীকে রোববার দুপুর ৩টার দিকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

রাজশাহীর কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ বিডিনিউজকে জানান, ওষুধের দোকানে প্যাথেড্রিন রাখা অপরাধ নয়। কিন্তু তারপরও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হয়রানি করছে।

জানা গেছে, নগরীর মোর্শেদা ও রাকা ফার্মেসিতে প্যাথেড্রিন রাখার কারণে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা শনিবার দুপুরে সাজ্জাদ ও রাশেদ নামের দুই ওষুধ ব্যবসায়ীকে আটক করে।

তাদের আটকের প্রতিবাদে ব্যবসায়ীরা শনিবার বিকেল থেকে আকস্মিক ধর্মঘটের ডাক দেয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শনিবার সন্ধ্যায় রাজপাড়া থানায় গ্রেপ্তারকৃত ওই দুই ব্যবসায়ীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।