রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি পরীক্ষার ফরম ওয়েব সাইটে পাওয়া যাবে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফরম বিতরণের নিয়ম এবার পাল্টে গেছে। রাবিতে ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেনীতে ভর্তি পরীক্ষার আবেদন পত্র সংশ্লি¬ষ্ট বিভাগ কিংবা কোন ব্যাংকের পরিবর্তে পাওয়া যাবে ওয়েব সাইটে।
ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভা সূত্রে আরও জানা গেছে, ১১ নভেম্বর থেকে ওয়েব সাইটে ফরম পাওয়া যাবে। জমা নেওয়া হবে ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।
এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিবন্ধি শিক্ষার্থীদের জন্য দু’টি আসন সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে খেলোয়ার ও শিল্পী কোটায় এ বছর কোন শিক্ষার্থী ভর্তি করা হবে না। তবে মুক্তিযোদ্ধা, উপজাতি ও পোষ্য কোটায় আগের নিয়মে ভর্তি করা হবে।
শনিবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভায় এসব নিয়ম ছাড়াও বেশ কিছু নতুন নিয়ম চালুর খসড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্ত আগামী ২৯ অক্টোবর ভর্তি কমিটির সভায় চূড়ান্ত হবে।
রজশাহী বিশ্বদ্যিালয়ে এ বছর সাতটি অনুষদের অধীনে ৪৯ টি বিভাগে প্রায় ৩২৫০ টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমানের পরীক্ষায় সর্বমোট জিপিএ-৭ পেতে হবে এবং কোন পরীক্ষায় জিপিএ-৩ এর কম পাওয়া চলবে না।
মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য উভয় পরীক্ষায় সর্বমোট জিপিএ-৬ পেতে হবে এবং কোনটিতে জিপিএ-২.৫ এর কম পাওয়া চলবে না। বানিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য উভয় পরীক্ষায় সর্বমোট জিপিএ-৬.৫ পেতে হবে এবং কোনটিতে জিপিএ-২.৫ এর কম থাকা চলবে না। গত বছর এ নিয়ম ছিল বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএ-৬.৫, মানবিক বিভাগের জন্য জিপিএ-৫.৭৫ এবং বাণিজ্য বিভাগের জন্য জিপিএ-৬।
প্রতিটি বিষয়ের জন্য ৫০ নম্বরের লিখিত পরীক্ষা ১ ঘন্টায় অনুষ্ঠিত হবে। আবেদনপত্র জমা দেওয়ার সময় সংশ্লি¬ষ্ট বিভাগ থেকে দেওয়া প্রসপেক্টাসে যে নিয়ম থাকবে, তাই চূড়ান্ত নিয়ম বলে বিবেচিত হবে। ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর থেকে। ভর্তি পরীক্ষার সময়সূচী পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওয়েব সাইট অথবা বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেবে।
এদিকে ভর্তি ফরমের মূল্য ৭৫ টাকা থেকে বাড়িয়ে ১শ টাকা করার প্রতিবাদ জানিয়েছে ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ইব্রাহীম হোসেন মুন। বর্ধিত এই ফি প্রত্যাহার করা না হলে ছাত্রলীগ ঈদের পরে আন্দোলনে নামবে বলে তিনি জানান।
