২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের সহায়তায় হাসপাতাল থেকে আসামীর পলায়ন

মায়ের সহায়তায় হাসপাতাল থেকে পালিয়েছে এক আসামী। শুক্রবার ভোরে ফেনী সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2005, 05:35 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গত ১৩ অক্টোবর ফেনী শহরতলীর চেওরিয়া এলাকায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ইন্তু মিয়ার ছেলে বাহাদুর। পরে তাকে আটক করে পুলিশি পাহারায় ফেনী সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হয়।

আসামী বাহাদুরের মা প্রতিদিনই ছেলেকে দেখতে হাসপাতালে আসত এবং কয়েকঘন্টা অবস্থান করে চলে যেত। গত শুক্রবার ভোরেও সে ছেলের সাথে হাসপাতালে অবস্থান করে। সেহরীর পর সবাই ঘুমিয়ে পড়লে বাহাদুর মায়ের দেওয়া ব্লেডের সাহায্যে দড়ি কেটে হাতকড়াসহ পালিয়ে যায় বলে আশেপাশের রোগীরা জানায়। এসময় হাসপাতালে পাহারায় ছিল পুলিশের এক নায়েক ও চার কনস্টেবল। হাসপাতাল সূত্র জানায়, বাহাদুর যখন দড়ি কেটে পালিয়ে যাচ্ছিল তখন চার পুলিশ ঘুমিয়ে ছিল আর অপরজন ছিল বাথরুমে।

ফেনী সদর হাসপাতালের আবাসিক সার্জন ডা. ছারোয়ার জাহান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানিয়েছেন, দায়িত্বে অবহেলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

এ ঘটনায় ফেনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।