২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ভেজাল বিরোধী অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪৭৫টি মামলা

যশোরে গত জুলাই মাস থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ভেজাল বিরোধী ৬৫টি অভিযানে মোবাইল কোর্ট বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪৭৫টি মামলা দায়েরসহ প্রায় নয় লাখ টাকা জরিমানা আদায় করেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2005, 12:55 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

প্রশাসন সূত্র জানায়, গত জুলাই মাসে যশোরের বিভিন্ন উপজেলায় ভেজাল বিরোধী মোবাইল কোর্টের কার্যক্রম শুরু হয়।

ম্যাজিস্ট্রেট আজিমুদ্দিন বিশ্বাস, ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম এবং ম্যাজিস্ট্রেট মীনা মাসুদুজ্জামান এসব মোবাইল কোর্টের নেতৃত্ব দিচ্ছেন।

এছাড়া সংশ্লিষ্ট উপজেলার ইউএনও’রাও অভিযান চালিয়ে যাচ্ছেন।

গত সাড়ে তিন মাসে এসব মোবাইল কোর্ট কর্তৃক রুজু হয়েছে ৪৭৫টি মামলা। একই সাথে জরিমানা আদায় হয়েছে আট লাখ ৯৫ হাজার নয়শ’ টাকা।

জেলা প্রশাসন সূত্র আরও জানায়, ভেজাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে এ অভিযানকে ভাল দৃষ্টিতে দেখছেন না যশোরের ক্ষুদ্র ব্যবসায়ীরা।

কামাল নামে বড় বাজারের মুদি ব্যবসায়ী বিডিনিউজকে জানান, প্রকৃত ঘটনা বিশ্লেষণ না করেই কোর্ট জরিমানা করছে।

কতিপয় ব্যবসায়ীর অভিযোগ, সামান্য কারণেও জরিমানা করা হচ্ছে। বাজারে বহু কোম্পানির বাটখারা পাওয়া যায়। তবে কোন কোম্পানির বাটখারা গ্রাহ্য, তা বলা হচ্ছে না।

এছাড়া শুধু প্রান্তিক ব্যবসায়ীদের ধরা হচ্ছে এবং জরিমানা করা হচ্ছে।

অবশ্য বাজার কমিটির দাবি, যশোরের ব্যবসায়ীরা ত্রুটি সংশোধন করেছেন।

তবে কোন ব্যবসায়ীর বিরুদ্ধে ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেলে তাকে বাজার থেকে বহিষ্কার করা হবে।