সিলেট ও নাটোরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
সিলেট ও নাটোরে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত এবং কমপক্ষে ১৬ জন আহত হয়েছে।
বিডিনিউজ সিলেট প্রতিনিধি জানান, সিলেটের ও সমানী নগরে ঢাকা-সিলেট মহাসড়কে বৃহস্পতিবার ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে চারজন যাত্রী নিয়ে একটি অটোরিক্সা ওসমানী নগরে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি অটোরিক্সাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চারজন যাত্রী মারা যায়।
নিহতরা হচ্ছে, কাঁচা মিয়া (৫০), ফখরুল (৪০), আব্দুল আজিজ (৪৫) ও জগদীশ।
এ ঘটনায় আহত অটোরিক্সা চালককে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ নাটোর প্রতিনিধি জানান, নাটোর-রাজশাহী মহাসড়কের আখডালা এলাকায় বৃহস্পতিবার এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে এবং আহত হয়েছে কমপক্ষে আরও ১৫ জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সকাল সাতটায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাঁদে পড়ে গেলে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়।
পুলিশ দুর্ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছে।
এদিকে আহতরা সদর হাসপাতাল ও নিকটস্থ ক্লিনিকে ভর্তি হয়েছেন।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গিয়েছে। এরা হচ্ছেন-আখলিমা খাতুন (৪০), তিনি রাজশাহী জেলার বাগমাড়ী উপজেলার নাজিপাড়া গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী এবং হোসনে-আরা-খাতুন (২৬), তিনি নাটোরের লালপুর উপজেলার মধুবাড়ি গ্রামের ইয়াসিন হোসেনের স্ত্রী।
এ বিষয়ে নাটোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
