২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডুয়েটে ছাত্র শিবিরের সাথে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষ, আহত ৫০, অনির্দিষ্টকালের জন্যে ক্যাম্পাস বন্ধ

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোমবার ছাত্র শিবিরের সাথে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। উত্তপ্ত পরিস্থিতিতে কর্তৃপক্ষ শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

হামলায় আহতদের মধ্যে ৪১ জনকে গাজীপুর সদর হাসপতাল এবং ১৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রদল ও ছাত্রলীগ এ পরিস্থিতিরি জন্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিমের সিদ্ধান্তহীনতাকে দায়ী করেছেন। তাদের দাবি, ক্যাম্পাস থেকে বিতাড়িত শিবিরকে পুনর্বাসনের জন্যে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে উপাচার্য এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমার কাছে সব ছাত্র সমান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার ডুয়েটে বহিরাগতদের নিয়ে শিবির অনুষ্ঠান করতে গেলে ছাত্রদল ও ছাত্রলীগ যৌথভাবে তাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করে। এরই জের হিসেবে শিবির সোমবার তাদের ক্যাডারদের সংগঠিত করে। সকাল ১১টায় কয়েকজন বহিরাগতকে শিবির সন্দেহে ছাত্রলীগ, ছাত্রদল এবং ছাত্র ইউনিয়নের কর্মীরা মারধর করে।

এরপর শিবিরের সাথে বাকিদের সংঘর্ষ শুরু হয় এবং তা পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। উভয় পক্ষ লাঠি-সোটা ও রড নিয়ে পরস্পরকে ধাওয়া করে। এসময় আশপাশ থেকে কয়েকশ’ বহিরাগত শিবির কর্মী ক্যাম্পাসে যোগ দেয়। প্রায় এক ঘন্টা সংঘর্ষের পর সম্মিলিত ছাত্র সংগঠনের হামলার মুখে ছাত্র শিবির ক্যাম্পাস ত্যাগ করে। ছাত্ররা এসময় বিভিন্ন হল থেকে শিবির নেতাকর্মীদের বিছানা ও ব্যাগসহ অন্যান্য জিনিস বাইরে ফেলে দেয়।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন ডুয়েট শাখা ছাত্রদল সভাপতি রাশেদুল ইসলাম শিপলু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ডলার, ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান শ্যামল, সাধারণ সম্পাদক এস আলম জহির, ছাত্র ইউনিয়ন নেতা অমিত, কুদ্দুস মিয়া প্রমুখ।