সাংবাদিকরা সংঘবদ্ধ হলে সংবাদপত্র মালিকানা ও ব্যবস্থাপনা থেকে অধিক স্বাধীনতা অর্জন সম্ভব : মঞ্জু
সাংবাদিকরা সংঘবদ্ধ হলে সংবাদপত্র মালিকানা ও ব্যবস্থাপনা থেকে অধিক স্বাধীনতা অর্জন সম্ভব। সংঘবদ্ধ শক্থি কাছে সকলেই মাথানত করতে বাধ্য। ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু সোমবার মিডিয়ার গনতন্ত্র দিবস উপলক্ষে সংবাদ মাধ্যমের মালিকানা ও ব্যবস্থাপনা শীর্ষক আলোচনায় একথা বলেন।
অধিকার বাংলাদেশ, সেন্টার ফর ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন (বিসিডিজেসি) ও মিডিয়াওয়াচের যৌথ উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন মিডিয়া ওয়াচের নির্বাহী পরিচালক, দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং সাপ্তাহিক ২০০০ এর নির্বাহী সম্পাদক গোলাম মর্তোজা।
সভায় বক্তব্য রাখেন আজকের কাগজের মারুফ চিনু, সাবেক কুটনীতিক মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মহাসচিব রুহুল আমিন, ভোরের কাগজের ভারপাপ্ত সম্পাদক শ্যামল দত্ত, জনকন্ঠের বিশেষ প্রতিবেদক ফজলুল বারী।
ইত্তেফাক সম্পাদক বলেন, দেশের বাইরে আজ দেশীয় পত্রিকার শেয়ার বেচা কেনা হচ্ছে। অথচ ইত্তেফাক কোন পুঁজি দিয়ে তেরি হয়নি।
তিনি বলেন, ৫০ ও ৬০ দশকের সংবাদপত্রের মালিকানার সঙ্গে বর্তমানের মালিকানার বড় ধরনের পাথর্ক্য রয়েছে। আজ পত্রিকার মালিকানা করপোরেট পুঁজির দিকে ঝুঁকছে।
সাবেক কুটনীতিক মহিউদ্দিন আহমেদ বলেন, প্রতি বছর ২৫ কোটি টাকার বিজ্ঞাপন দেয়ার পরও সংবাদপত্র সরকারের বিরুদ্ধে লিখতে পিছপা হয় না। অথচ মোবাইল কোম্পানির বিরুদ্ধে সংবাদপত্রে লেখা হয় না।
তিনি বলেন, ইসলামাবাদের ভূমিকম্পের সংবাদ রিলে করতে টিভি সাংবাদিকদের উপস্থিতি দেখা যায়, কিন্তু রংপুরের মঙ্গার সংবাদ টিভিতে পাওয়া যায়না।
তিনি উল্লেখ করেন, মন্দির ভাঙ্গার খবর টিভি মিডিয়ায় দেখানো হয়না।
অধ্যাপক আসিফ নজরুল বলেন, মালিকানা স্বচ্ছতার চেয়ে ব্যবস্থাপনার স্বচ্ছতা নির্ধারণ সহজতর। ব্যবস্থাপনার স্বচ্ছতা মানে সংবাদপত্রটির নীতিমালা ও এর প্রয়োগ কাঠামোর স্বচ্ছতা। এজন্য সংবাদপত্রের নিজেদের আচরণ বিধি এবং বিভিন্ন দায়িত্বশীল অবস্থানে থাকা ব্যক্তিদের ক্ষমতা ও কার্যাবলিও সুস্পষ্ট থাকতে হবে।
সোহরাব হাসান বলেন, রাষ্ট্র্রের গনতন্ত্র ও ব্যবস্থাপনা নীতি না থাকলে সংবাদ মাধ্যমের ওপর এর সরাসরি প্রভাব থাকবে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ান মহাসচিব রুহুল আমিন বলেন, ‘সংবাদপত্র ব্যবস্থাপনার কোন নীতিমালা নেই। আইনের শাসন ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলে যে সব আইনজীবি, তারা নিজেরাই কি কর দেয়? পত্রিকাগুলো কি এসব বিষয়ে অনুসন্ধান প্রতিবেদন তৈরি করে?’
সভায় বক্তারা পেশাদারী উন্নয়ন ও স্বাধীনতা অর্জনে ব্যর্থতার জন্য সাংবাদিকদের মধ্যকার রাজনৈতিক বিভেদকে দায়ী করেন।
