২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিএম কলেজের সুরেন্দ্রনাথ ছাত্রাবাসের নাম পাল্টে ফেলার ষড়যন্ত্র

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের ঐতিহ্যবাহী ‘সুরেন্দ্রনাথ ছাত্রাবাস’র নাম পাল্টে ফেলার চেষ্টা চালিয়েছে ইসলামী ছাত্র শিবিরের কতিপয় সমর্থক। এ নিয়ে ওই ছাত্রাবাসের সাধারণ ছাত্রদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 11:40 AM

Updated : 26 Apr 2022, 06:12 PM

সূত্র জানায়, নগরীর কালিশ চন্দ্র রোডে (জেলের বাড়ি পুল সড়ক) অবস্থিত শতবছরের পুরনো সুরেন্দ্রনাথ ছাত্রাবাসের মূল ভবনটির জরাজীর্ণ দশার কারণে সম্প্রতি একটি অংশ ভেঙ্গে পড়ে। এরপর কলেজ কর্তৃপক্ষ ওই ভবনের সামনে একটি টিনশেড নির্মাণ করে। সেখানে সাধারণ ছাত্রদের মধ্যে দু’টি কক্ষে ইসলামী ছাত্র শিবিরেরচার/পাঁচজন সমর্থক থাকে। তারা এবার পূজার বন্ধের সুযোগে নিজেদের রুমের সামনে এবং বাইরের দেয়ালে ‘শেরে বাংলা হল’ লিখে রাখে। বিষয়টি টের পেয়ে স্থানীয় এক ছাত্রদল নেতা নিজ উদ্যোগে ওই লেখা মুছে ফেলে এবং শিবির কর্মীদেরকে সতর্ক করে দেয় হলটির আদি নাম নিয়ে কোন ষড়যন্ত্র না করার জন্য।

কিন্তু ওই হল সুপারের দায়িত্বে থাকা বিএম কলেজের ইসলামী শিক্ষা বিভাগের প্রধান আব্দুর রবের পরামর্শে শিবির কর্মীরা শনিবার রাতে কমপ্লেক্সের প্রধান প্রবেশ পথের দেয়ালে আবারো লিখে দেয় ‘শেরেবাংলা হল’।

এসময় প্রত্যক্ষদর্শী ছাত্ররা আপত্তি জানালে শিবির কর্মীরা তাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখায় এবং হল সুপারের অনুমতির কথা জানায়।

পরে রোববার সকালে ওই হলের সাধারণ ছাত্রদের পক্ষ থেকে বিষয়টি অবহিত করা হয় কর্তৃপক্ষকে। এক্ষেত্রে তারা হল সুপারের ভূমিকার বিষয়টিও সরাসরি কর্তৃপক্ষকে জানায় বলে সাংবাদিকদের জানিয়েছেন।

ওই ছাত্রবাসের টিন শেডের ১ নং রুমের শিবির সমর্থক বলে দাবীদার ছাত্র কামাল, ২ নং রুমের মেহেদী ও হেমায়েত স্বীকার করেন তারাই নাম পাল্টাতে চায় এবং নিজেরাই ওই নতুন নাম লিখেছে। কারণ তাদের মতে ওই সম্পত্তির আদি মালিক সুরেন্দ্রনাথ হলেও বর্তমানে এর মালিক সরকার। তাই এখন আর ওই আদি নাম থাকার কোন যুক্তি থাকতে পারে না।

ছাত্রদলের জেলা কমিটির সদস্য ও বিএম কলেজ ছাত্র সংসদের মেয়াদোর্ত্তীন কমিটির বার্ষিকী সম্পাদক নাজমুল আহসান সবির বিডিনিউজকে জানান, তিনি হলটির আদি নাম পরিবর্তনের চক্রান্তের বিরোধিতা করেন। কারণ যার সম্পত্তির উপর ওই ছাত্রাবাস গড়ে উঠেছে তার নাম মুছে ফেলা কোন সভ্যতা হতে পারে না।

জাসদ ছাত্রলীগের বিএম কলেজ শাখার নেতা নিকুঞ্জবালা পলাশ জানান, শিক্ষকদের ভেতর থেকেই শিবিরের ছাত্ররা ইন্ধন পেয়েছে সুরেন্দ্র ছাত্রবাসের নাম পাল্টানোর চেষ্ঠা করতে। তবে কোন মতেই সাধারণ ছাত্ররা ওই ছাত্রবাসের নাম বদল হতে দেবে না।

তবে এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ প্রফেসর নিজাম উদ্দিন বিডিনিউজকে জানান, এমন কোন ঘটনা সম্পর্কে তার জানা নেই, তবে এখন বিস্তারিত খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

হল সুপার আব্দুর রব জানান, তিনি দুই/তিনদিন আগে বিষয়টি শুনেছেন এবং ছাত্রদেরকে এ নিয়ে জিজ্ঞাসাবাদও করেছেন। কিন্তু তার ইন্ধনে এসব হচ্ছে সে অভিযোগ মোটেই ঠিক নয়, তবে ছাত্রদের কেউ কেউ তাকে নাম পরিবর্তনের কথা বলেছে বলে তিনি স্বীকার করেন। আর তিনি মনে করেন, এক হলের দু’টি নাম হতেও পারে, যদিও সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব কর্তৃপক্ষের।