দৈনিক মুক্তকণ্ঠ’র ২ সাংবাদিকের ওপর গুলিবর্ষণ
দৈনিক মুক্তকণ্ঠ’র দুই সিনিয়র সাংবাদিককে বহনকারী সিএনজি স্কুটার লক্ষ্য করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীরা বুধবার দিবাগত গভীর রাতে গুলি বর্ষণ করে।
মুক্তকণ্ঠ কর্তৃপক্ষ জানায়, বার্তা সম্পাদক জীবন চক্রবর্তী এবং প্রধান প্রতিবেদক সাইফুদ্দিন বাবুল কাজ শেষে বুধবার রাত প্রায় একটায় অফিসের সিএনজি স্কুটারে বাসায় ফিরছিলেন। ফার্মগেটের কাছাকাছি আসার পর অফিসের সামনে থেকে অনুসরণ করে আসা একটি কালো ট্যাক্সি থেকে তাদের বহনকারী গাড়িটির ওপর দুই রাউন্ড গুলি করা হয়।
ফার্মগেট পুলিশ বক্সের কাছাকাছি আসার পর ট্যাক্সিটি অন্য রাস্তা ধরে উধাও হয়ে যায় বলে আক্রান্ত দুই সাংবাদিক জানান।
এ ব্যাপারে তেজগাঁও থানায় একটি জিডি করা হয়েছে।
