নারায়ণগঞ্জে ঠিকাদারি কাজ নিয়ে সংঘর্ষ, আহত ২০
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর নয়ানগর এলাকায় বৃহস্পতিবার দুপুরে জলাশয় ভরাটের ঠিকাদারি কাজকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে চার জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
নয়ানগর এলাকায় রহিম স্টিল মিলের সামনের এক জলাশয় ভরাটকে কেন্দ্র করে বিএনপি নেতা মমিন খান ও বজলুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মমিন খানের সমর্থকরা সশস্ত্র অবস্থায় প্রতিপক্ষ বজলুর রহমানের সমর্থকদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তা দু’গ্রুপের সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে এসে আধ ঘন্টাব্যাপী সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
গুরুতর আহতরা হচ্ছে, নুর মোহাম্মদ, নজরুল ইসলাম, আমির হোসেন এবং নুরুজ্জামান।
সোনারগাঁও থানার ওসি সহিদুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি সংঘর্ষের কথা স্বীকার করেন। তিনি আরও জানান, অপ্রীতিকর অবস্থা মোকাবেলার জন্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মমিন খান গত কয়েক মাস আগে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেন।
