২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৫ সালের শেষে বাংলাদেশের জনসংখ্যা হবে ১৪ কোটি ১৮ লাখ, ২০৫০ এ ২৪ কোটি ২০ লাখ

গড়ে ১ দশমিক ৮ শতাংশ জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ে চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশের জনসংখ্যা ১৪ কোটি ১৮ লাখে দাঁড়াবে। ২০৫০ সালে এই সংখ্যা হবে ২৪ কোটি ২০ লাখ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) প্রকাশিত বিশ্ব জনসংখ্যা প্রতিবেদনে (২০০৫) এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে মন্তব্য করা হয়, বাংলাদেশে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ইস্যুতে কিছু অগ্রগতি হলেও নীতি নির্ধারণের বিভিন্ন পর্যায়ে এখনও নারীর প্রতিনিধিত্ব কম।

‘সমতার অঙ্গীকার : লিঙ্গ সমতা, মাতৃস্বাস্থ্য ও সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য’ শীর্ষক প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে প্রতি হাজারে শিশু মৃত্যুর হার ৫৪ এবং পুরুষ ও মহিলার গড় আয়ু যথাক্রমে ৬২ দশমকি ৮ ও ৬৪ দশমিক ৬ বছর। মোট প্রজননের হার ৩ দশমকি ১০ শতাংশ।

জাতীয় প্রেসক্লাবে বুধবার সকালে আয়োজিত অনুষ্ঠানে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে ইউএনএফপিএ প্রতিনিধি সুনীতা মুখার্জী বলেন, বাংলাদেশে জিডিপির মাত্র ৮ শতাংশ স্বাস্থ্য খাতে করা খরচ হয়।

অধিক মৃত্যু হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিপোর্টে বলা হয়, বাংলাদেশে উচ্চ মাত্রার প্রসবকালীন মৃত্যু হারের অনুপাত (প্রতি লাখ শিশু প্রসবকালীন ৩২০-৪০০ জন) এবং মরবিডিটি হার উদ্বেগজনক। বাংলাদেশে প্রতিবছর গর্ভ কালীন জটিলতায় ১২ হাজার মায়ের মৃত্যু ঘটে। অন্যদিকে ৯২ শতাংশ প্রসব ঘটে বাড়িতে। শতকরা ১৪ শতাংশেরও কম ক্ষেত্রে প্রশিক্ষিত ধাত্রী উপস্থিত থাকে।

প্রকাশনা অনুষ্ঠানে সুনীতা মুখার্জী বলেন, লিঙ্গ সমতার ক্ষেত্রে কিছুৃ অগ্রগতি সাধিত হলেও নীতি নির্ধারণ পর্যায়ে নারীদের প্রতিনিধিত্ব এখনও নগণ্য।

তিনি বলেন, বাংলাদেশে ১৪ শতাংশ গর্ভবতী মহিলা সন্ত্রাস এবং আঘাতের শিকার হয়ে মারা যায়।

সুনীতা দেশে বিদ্যমান আইনের বাস্তবায়ন না হওয়ারও কঠোর সমালোচনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিবার পরিকল্পনা মহাপরিচালক আকমল হোসেন এবং গণযোগাযোগ মহাপরিচালক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।