হজযাত্রী পরিবহণ সকল এয়ারলাইন্সের জন্য উন্মুক্ত
এবার নন-ব্যালটি হজযাত্রীদের পরিবহণ সকল এয়ারলাইন্সের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার হজ ফ্লাইট পরিচালনা সংক্রান্ত এক সভায় সভাপতিত্বকালে বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন এ তথ্য জানান। তিনি জানান, হাব, আটাবসহ রিক্রুটিং এজেন্সির দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ডিসেম্বর নাগাদ শুরু হচ্ছে হজ ফ্লাইট।
প্রতিমন্ত্রী জানান, অন্যান্য এয়ারলাইন্স কর্তৃক সরাসরি ঢাকা-জেদ্দা হজ ফ্লাইট পরিচালনায় বাংলাদেশ সিভিল এভিয়েশনের কোনো আপত্তি থাকবে না। ফলে আগ্রহী ট্রাভেল এজেন্ট ও এয়ারলাইন্স সৌদি সিভিল এভিয়েশনের সাথে আলাপ করে তাদের অনুমতি গ্রহণ সাপেক্ষে হজ ফ্লাইট পরিচালনা করতে পারবে।
এ সময় মন্ত্রণালয়ের সচিব ইকবাল উদ্দীন আহমেদ চৌধুরী, ধর্ম মন্ত্রণালয়ের সচিব রফিকুল ইসলাম, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার কমোডর হারুন চৌধুরী, বিমানের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, হাব’র সভাপতি এবং আটাব’র সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
