২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোলা বাজারে চাল বিক্রি: কুষ্টিয়ায় দুর্গন্ধযুক্ত পোকা-ধরা চাল

দুর্গন্ধযুক্ত ও পোকা-ধরা চালের কারণে কুষ্টিয়ায় দুঃস্থদের মধ্যে খোলা বাজারে চার টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচি সফল হচ্ছে না।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 08:43 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

সরেজমিনে দেখা গেছে, বস্তা খোলার পর চাল থেকে উৎকট গন্ধ বের হওয়া এবং পোকা গিজগিজ করতে দেখে অনেকে চাল না কিনে ফেরত চলে যায়।

গত তিন দিন রেশন কার্ড অনুযায়ী সদর উপজেলার বারখাদা, হাটশ হরিপুর, পাটিকাবাড়িসহ কয়েকটি গ্রামে চাল বিতরণকালে এ ঘটনা ঘটে।

কথা হয় বারখাদার দিনমজুর পান্না, পাটিকাবাড়ির বয়োবৃদ্ধ ছিদাম, নাজিরপুর গ্রামের জহুরা বেগমসহ অনেকের সাথে। তারা চাল কেনেনি। বারখাদার নান্দিয়া গ্রামের রাহেলা বেগম চাল না নেয়ার কারণ সম্পর্কে বলেন, ভোরের নামাজ পড়ে লাইনে দাঁড়িয়েছিলাম। কিন্তু পোকা-ধরা, দুর্গন্ধযুক্ত চাল নিয়ে কী করবো?

এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক আমজাদ হোসেন বলেন, চাল গোডাউনে থাকলে একটু আধটু পোকা লাগতেই পারে। কিন্তু গিজগিজে পোকাওয়ালা চাল থাকার কথা নয়।

স্থানীয় এমপি সোহরাবউদ্দিন এ প্রসঙ্গে বলেন, জড়িতদের বের করা গেলে হাত কেটে নেয়ার মতো কঠিন শাস্তি দেওয়া হবে।

কুষ্টিয়া জেলার ৬৬ টি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভায় দুঃস্থদের মধ্যে চার টাকা কেজি দরে চাল বিতরণের জন্যে ৬৩ হাজার নয় শ’ রেশন কার্ড বিতরণ করা হয়েছিল।