বিচারপতি ফয়েজী উপস্থিত হলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন গেট টুগেদার বয়কট করবে
রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত হাইকোর্টের ১৯ বিচারপতি চলতি মাসের ১৭ তারিখে অনুষ্ঠিতব্য সুপ্রিম কোর্টের বার্ষিক গেট টুগেদার অনুষ্ঠানে যোগ দিলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) ওই অনুষ্ঠান বয়কট করবে।
এসসিবিএ বিশেষ করে বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজীকে বিতর্কিত ব্যক্তি বলে উল্লেখ করে।
মঙ্গলবার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির এক রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের একটি কপি ইতোমধ্যে প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের প্রথা অনুযায়ী, প্রতিবছর দীর্ঘ অবকাশের পর আদালত খোলার দিন প্রধান বিচারপতি বিচারক এবং আইনজীবীদের নিয়ে গেট টুগেদারের আয়োজন করেন। অনুষ্ঠানে এসসিবিএও অংশগ্রহণ করে।
এসসিবিএ’র সাধারণ সম্পাদক এম. ইনায়েতুর রহিম বুধবার বিডিনিউজকে বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবীরা বিতর্কিত বিচারক ফয়সাল মাহমুদ ফয়েজীর অপসারণ দাবি করে আসছে। একই সঙ্গে তারা রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত ১৯ বিচারকের বিরুদ্ধেও আন্দোলন করছে।
তিনি বলেন, বিচারপতি ফয়সাল মাহমুদের কোনও আসল এলএলবি সনদ নেই। নিজের বয়স সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে তিনি বার কাউন্সিলের সনদ পেয়েছেন। বাংলাদেশ বার কাউন্সিল এ ব্যাপারে তাকে কারণ দর্শাও নোটিশ জারি করলেও তিনি কোনও উত্তর দেননি।
তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের ভাবমূর্তি ও মর্যাদা রক্ষায় আইনজীবীরা রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত হাইকোর্টের ১৯ বিচারকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছে।
ইনায়েতুর রহিম বলেন, এসসিবিএ ফয়েজীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্যে প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠিয়েছেন।
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ চলতি বছরের ৩০ জুন বিচারপতি ফয়েজীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তের জন্যে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেন। কিন্তু মন্ত্রণালয় এ ব্যাপারে কর্ণপাত করে নি। ফয়েজীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় এসসিবিএ সরকারেরও সমালোচনা করে।
অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম নির্বাহী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন।
তিনি সারাদেশে আদালত প্রাঙ্গনে বোমা বিস্ফোরণের পর আদালত, আইনজীবী, বিচারক এবং বিচার প্রার্থীদের নিরাপত্তার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
এসসিবিএ সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে আদালতে প্রবেশকালে আইনজীবীদের পরিচয় পত্র প্রদর্শন করতে হবে।
