২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষানটেক উপশহর প্রকল্প বাস্তবায়ন দুবছর ধরে বন্ধ, নির্মাতারা কাজ গুটিয়ে নিচ্ছে

মিরপুরের ভাষানটেকে ভূমি মন্ত্রণালয়ের দেড়শ বিঘা জমিতে প্রস্তাবিত উপশহর প্রকল্পের কাজ দুবছর ধরে বন্ধ রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 05:35 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

সেখানে প্রায় ১৫ হাজার ২৪টি ফ্ল্যাট নির্মাণ করে তা বস্তিবাসী ও নিম্নআয়ের মানুষের মধ্যে বিতরণের কথা। কিন্তু প্রকল্পটি ভূমি মন্ত্রণালয়ের সৃষ্ট জটিলতার কারণে ঝুলে রয়েছে।

প্রকল্প বাস্তবায়নে সরকার অনুমোদিত নির্মাতা প্রতিষ্ঠান নর্থ সাউথ প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (এনএসপিডিএল) বুধবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম এতে বক্তব্য রাখেন। প্রকল্পের পরিচালক সিরাজুল ইসলাম, প্রধান প্রকৌশলী হাবিব মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

আব্দুর রহিম জানান, দরপত্রের মাধ্যমে এনএসপিডিএল ভূমি মন্ত্রণালয়ের ওই প্রকল্পের অংশীদারিত্ব লাভ করে। ২০০৩ সালের ২৯ সেপ্টেম্বর প্রকল্প বাস্তবায়নের জন্য একটি চুক্তিপত্র স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী এক বছর উন্নয়ন কাজ করা হয়। উন্নয়ন কাজে এনএসপিডিএল’র প্রায় ৫০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে।

তিনি বলেন, চুক্তির শর্ত অনুযায়ী প্লট নিতে আগ্রহীদের কাছে আবেদন বিক্রি শুরু হলে মন্ত্রণালয় অবৈধভাবে বন্ধ করে দেয়। চুক্তি অনুযায়ী মন্ত্রণালয় আবেদনপত্র বিক্রি বন্ধ করতে পারে না। চুক্তির শর্ত লংঘন করে তারা এতে হস্তক্ষেপ করেছে।

তিনি জানান, আগামী এক মাসের মধ্যে এ অবস্থার অবসান না হলে প্রতিষ্ঠানটি কাজ চুড়ান্তভাবে বন্ধ করে দেবে।

এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান, প্রকল্পে দুটি ক্যাটাগরিতে ফ্ল্যাটগুলোতে নির্মাণ ও বিক্রি হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বস্তিবাসীদের জন্য ২১৫ বর্গফুটের ফ্ল্যাট দু’লাখ টাকা এবং নিম্ন মধ্যবিত্তর জন্য ৩৯৫ বর্গফুটের ফ্ল্যাট তিন লাখ ৯০ হাজার টাকায় দেওয়া হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নে মোট ৪০০ কোটি টাকা বিনিয়োগ হবে। এর পূরোটাই বিনিয়োগ করবে এনএসপিডিএল। তবে কম মূল্যে ফ্লাট বরাদ্দের কারণে সরকার জমি বাবদ কোনো অর্থ নেবে না।