পাবনায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ
পাবনার আটঘরিয়ায় বুধবার আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও ছাত্রলীগ সভাপতিসহ অন্তত ৪০ জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিবাদমান দ’ুগ্রুপের মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। আওয়ামী লীগের একাংশ নতুন কমিটি বাতিলের দাবি জানিয়ে আসছে এবং তারা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ জেলা কমিটির সভাপতি শামসুর রহমান শরিফ ডিলু এমপিকে অবাঞ্ছিত ঘোষণা করে।
মঙ্গলবার রাতে শামসুর রহমান শরীফ ডিলু আটঘরিয়ায় একটি পূজামন্ডপ পরিদর্শন করতে আসলে দলের প্রতিপক্ষ নেতাকর্মীরা তাকে প্রতিরোধ করার চেষ্টা চালায়। এ সময় ডিলুর সমর্থকরা প্রতিপক্ষ সাবেক এমপি পাঞ্জাব আলী বিশ্বাস এর সমর্থক জুয়েল নামক এক যুবককে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে রাতেই ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা মিছিল সমাবেশ করে।
এ ঘটনার জের ধরেই বুধবার দুপুর একটার দিকে ডিলু ও পাঞ্জাব সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘন্টাব্যাপী সংঘর্ষে আওয়ামী লীগের আটঘরিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রতন (৪৫), ছাত্রলীগ উপজেলা কমিটির সভাপতি মোবারক হোসেন পান্না (২৭) সহ অন্তত ৪০ জন আহত হয়। গুরুতর আহতদের পাবনা জেনারেল হাসপাতাল ও আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
