‘সংসদে নারী আসনে নির্বাচিত হওয়ার অর্থই নারীর ক্ষমতায়ন নয়’
সংসদে নারী সাংসদরা নারীর ক্ষমতায়নে কি ভূমিকা রাখছেন, তা সকলের জানার অধিকার রয়েছে। কেননা সংসদে নারী আসনে নির্বাচিত হওয়ার অর্থই নারীর ক্ষমতায়ন নয়।
গণমাধ্যম বিষয়ক বেসরকারি সংস্থা ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার’র (এমএমসি) নারী ও শিশু অধিকার বিষয়ক তথ্যকেন্দ্রের উদ্যোগে বুধবার আয়োজিত ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সংরক্ষিত আসনে নির্বাচনের কার্যকারিতা’ শীর্ষক সেমিনারে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
এতে বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন বলতে আমরা রাষ্ট্রে নারীর চিন্তার প্রতিফলনকে বুঝি। আমাদের দৃষ্টিভঙ্গির প্রশ্ন এর সাথে জড়িত। রাজনৈতিক নেতাদের মধ্যে এই দৃষ্টিভঙ্গির প্রসার ঘটাতে হবে।
এতে সমন্বয়কের ভূমিকা পালন করেন সংস্থার নির্বাহী পরিচালক কামরুল হাসান মঞ্জু। ধারণাপত্র উপস্থাপন করেন তৌফিকা ফেরদৌস ও ফাহমিদা ইয়াসমিন।
ডেমোক্রেসী ওয়াচ’র নির্বাহী পরিচালক তালেয়া রেহমান বলেন, নারী সাংসদদের বর্তমানে যেভাবে নির্বাচিত বলা হচ্ছে তা অনেকটা ‘শাক দিয়ে মাছ ঢাকার’ মতো।
তিনি বলেন, আসলে গণতন্ত্রের প্রহসন চলছে সংসদে। সেখানে যারা মনোনীত হয়েছেন, দল যা বলছে, মনোনীতরা তাই করছেন। তাহলে গণতন্ত্রের সুফল আসবে কিভাবে?
সেমিনারে পিআইবি’র গবেষক ও সাংবাদিক শামীমা চৌধরী এলিস বলেন, নির্বাচনের অর্থই শুধু ক্ষমতায়ন নয়। মনোনীত সাংসদরা দল এবং চাঁদার ভিত্তিতে মনোনীত হয়েছেন।
সেমিনারে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট কোহিনুর বেগম, স্টেপস টুর্য়াডস’র নাসরীন শিফা, দি নিউ এজ’র তাসলিমা মিজি বহ্নি, দৈনিক সংবাদের ‘সর্বজয়া’ সম্পাদক রীতা নাহার প্রমুখ।
