২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, মানুষের দুর্ভোগ চরমে

দেশের কোথাও কোথাও বন্যা পরিস্থতির কিছুটা উন্নতি হলেও বেশিরভাগ স্থানেই অবস্থা অপরিবর্তিত রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2005, 06:46 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

দুর্গত মানুষের মাঝে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধ সংকট মারাত্মক আকার ধারণ করেছে। আশ্রয় কেন্দ্রগুলোতে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে।

বিডিনিউজ রংপুর প্রতিনিধি জানান, জেলার পীরগঞ্জ, বদরগঞ্জ, তারাগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্গত মানুষের মাঝে খাবার ও পানির সংকট দেখা দিয়েছে। অন্যদিকে আশ্রয়-শিবিরগুলোতে মানুষজন ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গত মানুষের জন্যে মাত্র ৫০ হাজার টাকা ও ৫০ মে.টন চাল বরাদ্দ এসেছে। জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, অতিরিক্ত বরাদ্দ চেয়ে আবেদন করা হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ ব্যাপারে কোনও সাড়া দেয়নি।

অন্যদিকে বিভিন্ন স্থানে পূজা মণ্ডপ পানিতে ডুবে যাওয়ায় ওই সকল এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন দুর্গাপূজা উদযাপন থেকে বঞ্চিত হচ্ছে।

বন্যায় কয়েক হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

বিডিনিউজ নগগাঁ প্রতিনিধি জানান, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। অন্যদিক নামানুর পুর ও খলিসাকুড়িতে বাঁধের ভাঙা অংশ দিয়ে ছোট যমুনা নদীর পানি প্রবেশ করায় সদর উপজেলার চণ্ডিপুর, বোয়ালিয়া, ফতেহপুর, তিলকপুর ইউনিয়ন, আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন, সান্তাহার পৌরসভার ৭ নং ওয়ার্ড এবং রানীনগর-আত্রাই উপজেলার আট ইউনিয়নের বি¯তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। পানির তোড়ে এ সমস্ত এলাকার শতশত বাড়ি-ঘর ভেঙে পড়েছে এবং জমির ফসল ডুবে গেছে।

আশ্রয়-শিবিরে আশ্রয় নেয়া মানুষ বিশুদ্ধ পানি, জ্বালানি ও ত্রাণ সংকটে মানবেতর জীবন-যাপন করছে। সরকারিভাবে এ পর্যন্ত ১ লাখ ৮৬ হাজার টাকা এবং ১২৩ মে. টন চাল বিতরণ করা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। ছোট যমুনা নদীর পানি ১৫ সেমি হ্রাস পেয়ে বিপদসীমার ৪৬ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।