২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত গরুর মাংস খাওয়ানোর অপরাধে হোটেল মালিক ও ম্যানেজারের ১২ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

গত বছরের রমজান মাসে খদ্দেরদের খাওয়ানোর জন্যে মৃত গরুর মাংস সরবরাহের অপরাধে রাজধানীর মীরবাগের জাকির হোটেলের মালিক মো. সোলেমান ও ম্যানাজার মো. মহসীনকে ১২ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2005, 05:37 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

ঢাকার ৮ নং মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবীর মঙ্গলবার এ রায় প্রদান করেন। রায়ে আরও উল্লেখ করা হয়, দণ্ডপ্রাপ্তরা জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তারা আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করবে।

রায়ে বিচারক উল্লেখ করেন, মুসলমানদের পবিত্র রমজান মাসে যারা এ রকম ঘৃণ্য কাজ করতে পারে, তারা সমাজে এক ধরনের সন্ত্রাসী। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।

মামলার বিবরণে জানা যায়, দণ্ডিতরা ২০০৪ সালের ৩০ অক্টোবর রাত ২টা ২৫ মিনিটে একটি নোংরা চটের বস্তায় করে মৃত গরুর মাংস নিয়ে হোটেলে প্রবেশের সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয় এবং জনতা তাদের ঘেরাও করে রাখে। খবর পেয়ে রমনা থানার এসআই আবদুল লতিফ মিয়া ঘটনাস্থলে পৌঁছে মাংস জব্দ করেন। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের ২৫(গ) এবং ১(গ) ধারায় মামলা দায়ের করা হয়।