২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ক্রসফায়ারে ১ জন নিহত

কুমিল্লার সদর উপজেলায় মঙ্গলবার ভোররাতে র‌্যাবের সঙ্গে ক্রসফায়ারে পুলিশের তালিকাভুক্ত আসামি এবং চিহ্নিত এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2005, 01:32 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

নিহত সন্ত্রাসীর নাম কামরুজ্জামান (২৪)।

র‌্যাব-৭ এর একটি বিশেষ দল জানায়, সোনারগা উপজেলার নয়াপুর বাজার থেকে সোমবার রাতে র‌্যাব ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। সে র‌্যাবের কাছে তার সহযোগী এবং অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়।

তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য মঙ্গলবার ভোররাত তিনটার দিকে নৈকাহন এলাকায় যায়।

র‌্যাব সদস্যরা দৌলতপুর এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাদের উদ্দেশে গুলি ছুঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় কামরুজ্জামান গুলিবিদ্ধ হয়।

তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি বন্দুক, ছয়টি গুলি এবং একটি রামদা উদ্ধার করে।

র‌্যাব জানায়, কামরুজ্জামান এবং তার সহযোগীরা ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়ক, কুমিল্লা এবং সদর উপজেলায় ডাকাতি করত।