ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মা ও শিশুপুত্রের মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরে এক সড়ক দুর্ঘটনায় মা ও শিশুপুত্র প্রাণ হারিয়েছে।
ফরিদপুর-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন পূর্ব সদরদী এলাকায় সোমবার দিবাগত রাত ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে মাদারীপুরগামী চন্দ্র পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-জ-৪৫৩১) ভাঙ্গা উপজেলা সদরের পূর্ব সদরদী পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গভীর খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই বাসযাত্রী রীনা বেগম ও তার শিশু পুত্র আকাশ নিহত হয়।
নিহত রীনা বেগমের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বারাদিয়া গ্রামে।
গুরুতর আহত বাস যাত্রী কাদের মুন্সীকে (৩৫) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা থানা সূত্র জানায়, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে বাস চালক পলাতক রয়েছে।
