২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনীতিতে সাফল্যের চার বছর: উন্নয়ন বলতে মিলেছে শুধু দীর্ঘশ্বাস

গত চার বছরে কূটনৈতিক ক্ষেত্রে বস্তুগত কোনও অগ্রগতির পরিবর্তে মিলেছে শুধু দীর্ঘশ্বাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 09:29 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

সাফল্য বলতে শুধু জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো। এ প্রক্রিয়াও শুরু হয়েছিল আগে থেকেই। তবে যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপের কাছে নতি স্বীকার করে ইরাকে সেনা না পাঠানোর বিষয়টিকে কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র সাফল্য হিসেবে উল্লেখ করেছেন একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ।

বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ক্ষমতাধর দেশ চীনের সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হয়েছে এবং আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে সময় ও সুযোগের সৎব্যবহার করতে পারেনি। ওআইসি মহাসচিব নির্বাচনে শোচনীয় পরাজয় বাংলাদেশকে মুসলিম বিশ্বে হাস্যকর করে তোলে।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও গত চার বছরে পারস্পরিক অবিশ্বাস ও সন্দেহের কারণেই তা কখনও ভালো যায়নি এবং এক্ষেত্রে অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক অনেকটাই শীতল ছিলো।

পশ্চিমা দেশগুলোর কাছে একসময় বাংলাদেশ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে তাদের কাছে বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দেশ হিসেবে নতুনভাবে পরিচিতি পেয়েছে। বাংলাদেশ এখন ভুগছে মারাত্মক ইমেজ সঙ্কটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, গত চার বছরে প্রাত্যহিক কর্মকাণ্ডের বাইরে কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের কোনও উন্নয়ন হয়নি বলেই আমি মনে করি। কূটনৈতিক সম্পর্কের বিষয়টি পরিকল্পনা মাফিক চলেনি এবং দূরদর্শী কোনও পদক্ষেপ ছিল না। কোনও লক্ষ্য স্থির না করে শুধু তাৎক্ষণিক লাভালাভের বিবেচনায় কাজ চালানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার জিয়াউর রহমান খান বিডিনিউজকে বলেন, বিভিন্ন ধরনের পদক্ষেপ সত্ত্বেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম স্বাতন্ত্র্যে উজ্জ্বল এমন বলা যাবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ মাহবুবুর রহমান বলেন, অনেক কিছুই করা যায়নি। তাইওয়ান ইস্যুর মতো অনেক বিষয়েই ভুলচুক এড়ানো যেত বলেও তিনি জানান।

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার পূর্বাঞ্চলের দেশগুলোকে পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখার জন্য কূটনৈতিক ক্ষেত্রে ‘লুক ইস্ট পলিসি’ অবলম্বন করলেও কার্যত এখনও কোনও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি।

‘লুক ইস্ট’ এখনও একটি বুলি সর্বস্ব ব্যাপার। পূবাঞ্চলীয় দেশগুলোতে বাংলাদেশের পক্ষে কথা বলার মতো তদবিরকারী না থাকায় লাগসই কোনও সুফল লাভ করা সম্ভব হয়নি। প্রতিবেশী ভারতের বেলাতেও এ কথা সত্য। কূটনৈতিক সাফল্যের বিশ্লেষণ দিতে গিয়ে অধ্যাপক ইমতিয়াজ এরকম মতামতই ব্যক্ত করেন।

শিক্ষার্থী ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে মানুষে মানুষে যোগাযোগ গড়ে তোলা বা তদবিরকারক গোষ্ঠী গড়ে তোলা দূরাশার মতো। এটা নির্বুদ্ধিতার সামিল। আপনি বাংলাদেশের পক্ষে কথা বলার লোক পাবেন না, কিন্তু বাংলাদেশে ভারতের পক্ষে কথা বলার মতো শক্তিশালী লবি রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভুল সিদ্ধান্তের কারণে সম্পর্ক উন্নয়নের পরিবর্তে বাংলাদেশের সঙ্গে বিদেশি কূটনৈতিকদের দূরত্ব আরও বেড়েছে।

সর্বশেষ পশ্চিমা কূটনৈতিকদের সংগঠন টুয়েসডে গ্রুপের সম্মেলন আয়োজন প্রসঙ্গে অধ্যাপক ইমতিয়াজ বলেন, দুটি প্রধান রাজনৈতিক দলের তীব্র দ্বন্দ্বের ফসল এই ‘টুয়েসডে গ্রুপ’। যে কারণে জঙ্গিদের উত্থান সম্ভব হয়েছে এবং জঙ্গিরা ওই দুই রাজনৈতিক দল ও দলের বাইরে সারা দেশে এবং এ অঞ্চলে ও আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে রয়েছে।

ব্যারিস্টার জিয়াউর রহমান মনে করেন, ওআইসির মহাসচিব পদ নিয়ে মালয়েশিয়ার সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি করা ঠিক হয়নি। তিনি বলেন, পরাজিত হওয়ার লক্ষণ ছিল, কিন্তু পররাষ্ট্র মন্ত্রী বিজয়ের ব্যাপারে ছিলেন আশাবাদী। তার প্রশ্ন, কূটনীতিক দিক থেকে পরাজয়ের লক্ষণ অনুধাবন করা সম্ভব হলো না কেন?

বাংলাদেশে তাইওয়ানের ট্রেড অফিস স্থাপনকে কেন্দ্র করে চীনের সাথে সম্পর্কের যে অবনতি হয়েছে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের একে অপরের দেশ সফর সত্ত্বেও সম্পর্কের তেমন কোনও উন্নতি হয়নি।

এ প্রসঙ্গে ব্যারিস্টার জিয়া বলেন, বাংলাদেশ একদিকে এক-চীন নীতিতে বিশ্বাস করে আবার একই সাথে তাইওয়ানকে ট্রেড অফিস খোলার অনুমতি দিয়েছিলো। কূটনীতি বাস্তবায়নের এ পদ্ধতিকে তিনি ভঙ্গুর বলে উল্লেখ করেন।

সরকারের একাংশ কূটনৈতিক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করছে বলে তিনি ইঙ্গিত করেন।

ব্যারিস্টার জিয়া বিদেশে বাংলাদেশের ভাবমূর্তির ব্যাপারে যে সঙ্কট রয়েছে তা স্বীকার করেন। তিনি এজন্য আওয়ামী লীগকে দায়ী করেন। তিনি ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের বহিঃপ্রচার অনুবিভাগের দুর্বলতার বিষয়টিও স্বীকার করেন।

বাংলাদেশের সঙ্গে সুদৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, ব্যারিস্টার জিয়ার কাছে এমন একটি দেশের নাম জানতে চাইলে তিনি বলেন, এ প্রশ্নের কোনও উত্তর আছে কি না আমি জানি না।

তিনি উদ্যোগী কূটনীতি ও তৎপর অর্থনৈতিক কূটনীতির ঘাটতি এবং সর্বোপরি পরিকল্পনাগত ব্যর্থতার কথা উল্লেখ করেন।

মাহবুবুর রহমান বলেন, কূটনীতিক নির্বাচনে ভুল করার কারণেই অর্থনৈতিক কূটনীতিতে বাংলাদেশ তেমন কোনও সাফল্য লাভ করতে পারেনি।

এছাড়াও অভ্যন্তরীণ বিষয়াবলী, পশ্চিমাদের সঙ্গে ভুল বোঝাবুঝি এবং ইসলামিক উম্মায় বিভক্ত হয়ে পড়াকে কূটনৈতিক অসফলতার কারণ হিসেবে উল্লেখ করেন মাহবুবুর রহমান।