২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ ভবনের নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত

হামলার আশংকায় সরকার সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং কাউন্টার ভিজিল্যান্স টিম মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

একই সাথে সংসদ ভবনের প্রধান ব্লক থেকে বেশ কিছু অফিস পাশ্ববর্তী ব্লকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে বলা হয়, সংসদ ভবনের ডেপুটি নিরাপত্তা কর্মকর্তা আবু তালেবের জঙ্গি তৎপরতার সাথে জড়িত থাকার অভিযোগের ব্যাপারে কর্তৃপক্ষ এখনও তথ্য উদ্ধার করতে পারেনি। সম্প্রতি জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) সাথে জড়িত থাকার অভিযোগে আবু তালেবকে গ্রেফতার করা হয়।

চীফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেন, সংদীয় স্থায়ী কমিটির সভাপতিবৃন্দ এবং সার্জেন্ট-অ্যাট-আর্মস বৈঠকে উপস্থিত ছিলেন।

স্পিকার সংসদ ভবন এলাকায় কাউন্টার ভিজিল্যান্স ও কাউন্টার ইনটেলিজেন্স মোতায়নের জন্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন।

বৈঠকে সংসদ ভবনের প্রধান ব্লকে অবস্থিত ব্যাংক, মেডিকেল সেন্টার ও পিউব্লিউডি অফিস এমপি হোস্টেল ব্লকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

সংসদে প্রবেশের ক্ষেত্রে কাড়াকড়ি হিসেবে প্রত্যেক দর্শনার্থী, কর্মকর্তা, কর্মচারি, এমনকি সংসদ সদ্যসদেরকেও পরিচয় পত্র দেখিয়ে প্রবেশ করতে হবে বলে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে হুইপ ফজলুল হক আসপিয়া ও শহিদুল হক জামাল, যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মনজুর হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার জিয়াউর রহমান খান ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান শামসুল আলম প্রামাণিক আলোচনায় অংশ নেন।