২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য সামগ্রীর মুল্যস্ফীতি অব্যাহত, সরকারের কোনও কার্যকর পদক্ষেপ নেই

অর্থনীতিবিদরা বলেছেন, সরকারের যথাযথ প্রতিকার ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার কারণে খাদ্য পণ্যের মুল্যস্ফীতি দিন দিন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাকে সংকুচিত করে দিচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 06:43 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

বেসরকারি প্রতিষ্ঠান উন্নয়ন সমুন্নয়’র চেয়ারম্যান অধ্যাপক আতিউর রহমান বলেন, আসন্ন দিনগুলোতে খাদ্য সামগ্রীর মুল্যস্ফীতি সরকারের জন্যে অন্যতম প্রধান উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়াবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)’র হিসাব অনুযায়ী, গত কয়েক মাস ধরে খাদ্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্যস্ফীতির হার বেড়েই চলেছে। আগস্টে এ বৃদ্ধির হার ছিলো ৭ দশমিক ৯৮ শতাংশ, যা পূর্ববর্তী মাস জুলাইয়ের চেয়ে দশমিক ৩০ শতাংশ বেশি।

প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমেদ বলেন, মুল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ব্যর্থ হয়েছে।

দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ তো দূরের কথা, সরকার বিশ্বাসই করে না যে মুল্যস্ফীতি হচ্ছে।

বাংলাদেশ অর্থনীতি সমিতি’র (বিইএ) সভাপতি অধ্যাপক কাজী খলিকুজ্জামান বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তেলের অব্যাহত মুল্য বৃদ্ধি বিশেষ করে কেরোসিন ও ডিজেলের মুল্য বৃদ্ধি তাদের দুর্ভোগ আরও অনেকগুন বাড়িয়ে দিয়েছে।

বিডিনিউজ’র সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত এক দশকে জিডিপি বৃদ্ধির পরিমাণ ৫ শতাংশের বেশি হলেও দেশের গরীব মানুষরা এ থেকে কোনও সুবিধা পায় নি।

অধ্যাপক আতিউর রহমান বলেন, বর্তমান হারে মুল্যস্ফীতি অব্যাহত থাকলে দারিদ্র্য নিরসন কৌশলপত্র (পিআরএসপি) বাস্তবায়ন কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে।

তিনি বলেন, আমরা গত চার বছর ধরেই সরকারকে মুল্যস্ফীতি সম্পর্কে সচেতন করতে চেয়েছি। কিন্তু এ ব্যাপারে তাদের কোনও মাথাব্যথা নেই। বর্তমানে সরকার বাজার দর ১৫ টাকার পরিবর্তে চার টাকা দরে চাল বিক্রি করে মুল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিন্তু এ চেষ্টা চাহিদার তুলনায় অতি সামান্য।

খলিকুজ্জামান বলেন, সমষ্টিক অর্থনীতি স্থিতিশীল রাখতে সরকারি প্রচেষ্টার কোনও প্রতিফলন ব্যষ্টিক অর্থনীতিতে পড়ে নি এবং দেশের দারিদ্র্যও হ্রাস পায় নি।

মোজাফফর আহমেদ আরও বলেন, দিন দিন গ্রামীণ অর্থনীতির অবনতি হচ্ছে এবং বৈষম্য বৃদ্ধি পাচ্ছে।