২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট

সরবরাহ কম থাকায় রমজান মাসেও খুলনা মহানগরীতে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2005, 08:43 AM

Updated : 26 Apr 2022, 06:11 PM

পানি সংকট নিরসনে ওয়াসা গঠনের প্রক্রিয়া চলছে অনেকদিন ধরে। কিন্তু ফাইল আটকে আছে মন্ত্রণালয়ে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী এ অঙ্গীকার জোট সরকারের চার বছরেরও বাস্তবায়িত না হওয়ায় মহানগরীর জনসাধারণের মাঝে এ নিয়ে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

কেসিসি পানি বিভাগ সূত্র জানায়, ১৬ লাখ জনসংখ্যা অধ্যুষিত খুলনা মহানগরীর দৈনিক পানির চাহিদা তিন কোটি গ্যালন। এর বিপরীতে পানি বিভাগ সরবরাহ করতে পারে দৈনিক দেড় কোটি গ্যালনের মতো। শুষ্ক মৌসুমে পানি সংকট আরো তীব্র আকার ধারণ করে।

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী প্রচারকালে খুলনায় ওয়াসা স্থাপনের প্রতিশ্রুতি দেন। ২০০২ সালের ১৪ অক্টোবর জোট সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমান ওয়াসা স্থাপনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে প্রধানমন্ত্রীকে ডিও লেটার দেন। খুলনার সংসদ সদস্য আলী আসগর লবী, এম নূরুল ইসলাম (দাদু ভাই) এবং অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এমপি এ ইস্যুতে জাতীয় সংসদসহ বিভিন্ন ফোরামে কথা বলেন।

এসব তৎপরতার ফলে খুলনা ওয়াসা গঠনের প্রক্রিয়া শুরু হয়। ২০০৩ সালের ১৩ আগস্ট সংস্থাপন মন্ত্রণালয়ের পাসকৃত খুলনা ওয়াসার অর্গানোগ্রামে অর্থবিভাগ সম্মতি দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আইন মন্ত্রণালয় ওয়াসা পরিচালনা সংক্রান্ত আইন-কানুন অনুমোদন করে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ফাইল আইন মন্ত্রণালয়ের বাস্তবায়ন শাখায় পাঠানোর পর বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর সেখান থেকেও অনুমোদন মিলেছে।

বর্তমানে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেলে খুলনা ওয়াসা কার্যক্রম শুরু করতে পারে বলে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) সূত্রে জানা গেছে।