চার বছরে বিমানের রুট বাড়েনি, কমেছে উড়োজাহাজ, ভেঙে পড়েছে ফ্লাইট শিডিউল
জোট সরকারের চার বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নতুন রুটও বাড়েনি।
বরং উড়োজাহাজের সংখ্যা কমেছে চারটি। ফলে ফ্লাইট শিডিউল রক্ষা করাই এখন কঠিন হয়ে পড়েছে।
বিমান সূত্র জানায়, বিমান প্রায় এক দশক ধরেই বিশ্বের তিনটি মহাদেশে ২৬টি আন্তর্জাতিক ও সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে যাতায়াত করছে। কিন্তু গত দু’বছরে দুটি এটিপি বিক্রি, একটি ডিসি-১০ ও একটি এফ-২৮ দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়ায় সংস্থার বহরে এখন মাত্র ১১টি উড়োজাহাজ রয়েছে। এসব উড়োজাহাজ আবার ১৬ থেকে ২২ বছরের পুরনো।
স্বল্পসংখ্যক উড়োজাহাজ ও যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়ই গ্রাউন্ডেড হয়ে যাওয়ায় বিমানের ফ্লাইট এখন একেবারেই ভেঙে পড়েছে। একই সঙ্গে কমেছে যাত্রী সেবার মান।
বিমানের একজন মুখপাত্র সংস্থার ওই বেহাল পরিস্থিতির কথা স্বীকার করেন।
বিডিনিউজকে তিনি অবশ্য বলেন, চার বছরে নিজস্ব উড়োজাহাজ দিয়ে হজ্ব ফ্লাইট পরিচালনা ও উড়োজাহাজের রক্ষাণাবেক্ষণ ডি-চেক দেশেই করার কারণে বিমানের আর্থিক সাশ্রয় হয়েছে প্রচুর। এ চার বছরে বিমান শুধু জ্বালানি তেলের দামই পরিশোধ করেছে ৯০০ কোটি টাকা।
