২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্ধাতা আমলের ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কারণে ভূমিকম্পের সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না

দেশে ভূমিকম্প পরিমাপের সঠিক কোনও ব্যবস্থা নেই। চট্টগ্রামের আমবাগানে অবস্থিত একমাত্র ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্রটি অতি পুরনো হয়ে যাওয়ায় এটি দিয়ে ভূমিকম্পের সঠিক ও পরিপূর্ণ মাত্রা নিরূপণ করা যাচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 02:40 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

দেশে ভূমিকম্পের সঠিক পরিমাপ নির্ণয় করতে সরকার ঢাকা, সিলেট ও রংপুরে তিনটি পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়নি।

ভূ-পৃষ্ঠের অতি ভূমিকম্প প্রবণ এলাকা ইন্দো-অস্ট্রেলীয় প্লেটে বাংলাদেশের অবস্থান। চলতি বছরই দেশে ২৪ বার মৃদু ও মাঝারি ভূ-কম্পন অনুভূত হয়েছে।

সাম্প্রতিক কালে দেশের আলোচিত ভূমিকম্পগুলো হয়েছে ১৯৯৭ সালের ২১ নভেম্বর চট্টগ্রামে, ১৯৯৯ সালের ২২ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত পরপর কয়েক দফায় কক্সবাজার জেলার মহেশখালীতে ও ২০০৩ সালে রাঙ্গামাটির বরকলে।

তাছাড়া বাংলাদেশের যে প্লেটে অবস্থান সে ইন্দো-অস্ট্রেলীয় প্লেটে গত পাঁচ বছরে চারটি বড় মাপের ভূমিকম্প হয়েছে। এসব ভূমিকম্পের রিখটার স্কেল মাত্রা ছিল ৮ দশমিক ৯ থেকে ৭ দশমিক ৫ এর মধ্যে।

দেশের অন্যতম ভূমিকম্প বিশেষজ্ঞ চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বিডিনিউজকে জানিয়েছেন, আমবাগান পর্যবেক্ষণ কেন্দ্র দিয়ে দেশে সংগঠিত ভূ-কম্পনগুলোর সঠিক মাত্রা নিরূপণ সম্ভব নয়।

ভূকম্পনের সঠিক চিত্র পেতে হলে সর্বাধুনিক যন্ত্রপাতি দিয়ে দেশে আরও তিনটি পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন জরুরি বলে তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৩৫ সালের প্রযুক্তির এ কেন্দ্রটি বর্তমানে সঠিকভাবে ভূকম্পন পর্যবেক্ষণ করতে পারছে না। তাছাড়া ১৯৯২ সালে এ কেন্দ্রটি থেকে গুরুত্বপূর্ণ তিনটি জিও ম্যাগনেটিক অবজারভেটরি যন্ত্র চুরি হয়ে যায়। ফলে পর্যবেক্ষণ কেন্দ্রটি দিয়ে শিলাস্তর ও ভূ-চুম্বকীয় বিচ্যুতি নির্ণয় সম্ভব হচ্ছে না।

১৯৫৪ সালে স্থাপিত ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের জন্যে ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্র থেকে তিনটি সিসমোগ্রাফ যন্ত্র সংগ্রহ ছাড়া কেন্দ্রটিকে আধুনিকায়নের জন্যে আর তেমন কিছু করা হয়নি।

১৯৮৯ সালে তিনটি সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্প পরিমাপের ভিজ্যুয়াল রেকর্ডিং পদ্ধতি চালু করা হয়। কিন্তু ৯৭ সালে তিনটি সিসমোগ্রাফ যন্ত্রের দুটি নষ্ট হয়ে যাওয়ায় বিকল্প পদ্ধতিতে (নর্থ-সাউথ পদ্ধতি) ভূমিকম্প পরিমাপ করা হচ্ছে।

প্রচলিত পদ্ধতিতে ভূমিকম্পের উৎপত্তিস্থল কত দূরে তা নির্ণয় করা গেলেও তার কেন্দ্রস্থল নির্দিষ্ট করে নির্ণয় করা যাচ্ছে না।

বর্তমানে বিশ্বে ভূকম্পনের মাত্রা পরিমাপ করা হয় বডি ম্যাগনিচুয়েড ও মোমেন্ট ম্যাগনেচুয়েড-এ দুই পদ্ধতিতে।

দেশে সংগঠিত ভূ-কম্পনের সঠিক ও পরিপূর্ণ হিসাব পেতে হলে আমবাগান কেন্দ্র ও প্রস্তাবিত তিনটি কেন্দ্রে এ দুই পদ্ধতির যে কোনও একটি প্রযুক্তি স্থাপন করতে হবে।