কুড়িগ্রামের রৌমারী থানার এসআই’র বিরুদ্ধে ছিনতাই মামলা
টাকা ছিনতাই, মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগে রৌমারী থানার এসআই মাহবুব রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার থানা সূত্রে এ খবর জানা গেছে।
রৌমারীর কলেজ পাড়ার অধিবাসী আবু বক্কর সিদ্দিক জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।
ম্যাজিস্ট্রেট এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রৌমারী থানার ওসি’র প্রতি নির্দেশ দিয়েছেন।
অভিযোগে জানা যায়, এসআই মাহবুব ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় রৌমারীর গরুহাটির পাশে একটি ঘরে আবু বক্করকে ডেকে নিয়ে স্থানীয় চার/পাঁচজন বিএনপি নেতার উপস্থিতিতে মারধর করে।
পরে এসআই পিস্তল ঠেকিয়ে বক্করের কাছ থেকে তিন হাজার টাকা, গুরুত্বপূর্ণ কাগজ ছিনিয়ে নেয় এবং ১৫০ টাকার স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করায়।
এক পর্যায়ে বক্করকে তারা বেদম প্রহার করে ফেলে রেখে চলে যায়।
আহত অবস্থায় তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। কিন্তু বিএনপি’র ক্যাডারদের হুমকির মুখে পালিয়ে এসে জেলার একটি ক্লিনিকে বক্কর ভর্তি হন।
পরে সে কুড়িগ্রাম প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে উক্ত এসআই’র বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
খোঁজ নিয়ে জানা যায়, একটি জমি সংক্রান্ত বিরোধে আবু বক্করের প্রতিপক্ষের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে ওই এসআই এ ঘটনা ঘটিয়েছে।
