কেশবপুর ও আলমডাঙ্গায় বোমা হামলা : বিএনপি’র সাত নেতা-কর্মী আহত
যশোরের কেশবপুর এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শনিবার রাতে বোমা হামলায় কমপক্ষে সাত বিএনপি নেতা কর্মী আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় অধিবাসীরা এ কথা জানায়।
বিডিনিউজ যশোর প্রতিনিধি জানান, কেশবপুর বিএনপি কার্যালয়ে রাত আটটার দিকে বোমা বিস্ফোরণে পাঁচ বিএনপি কর্মী আহত হয়। বাজার এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ার কিছুক্ষণ পরই এই বিস্ফোরণ ঘটে।
আহত বিএনপি কর্মীদের কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে বোমা ওই অফিসে পেতে রাখা হয়েছিল, না কি বাইরে থেকে ছোঁড়া হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, জেলার আলমডাঙ্গা থানার ভোগাইল বগাদি গ্রামে অজ্ঞাত দু®কৃতকারীরা কৃষক দলের দুই স্থানীয় নেতাকে লক্ষ্য করে বোমা ছুঁড়ে মারলে তারা গুরুতর আহত হন।
আহতরা হলেন-ভাংবাড়িয়া ইউনিয়নের কৃষক দলের সভাপতি আব্দুল হক (৫০) এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম ডালিম (৩০)।
উল্লেখ্য, চারদিন আগে সন্ত্রাসীদের বোমা হামলায় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবিএম হাসান হাসু আহত হন।
