গাজীপুরে বাবুল আনসারীর আল্লাহ’র দলের ২ জঙ্গি গ্রেপ্তার
গোয়েন্দা পুলিশ শুক্রবার রাতে গাজীপুরের নান্দুয়াইল ও সালনা থেকে আজিজুল হক (২০) ও সায়মন (২৫) নামে দুই জঙ্গি নেতাকে গ্রেপ্তার করেছে।
গোয়েন্দা সূত্র জানায়, গ্রেপ্তারকৃত দু’জন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী নিরাপত্তা কর্মকর্তা ও ‘আল্লাহর দল’ এর নেতা আবু তালেব বাবুুল আনসারীর ক্যাডার।
রিমান্ডে পুলিশের কাছে বাবুল আনসারীর দেওয়া তথ্য অনুযায়ী গোয়েন্দারা তাদের গ্রেপ্তার করে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ৩০/৩৫ জনের গোয়েন্দা দলটি আজিজের বাড়ি ঘেরাও করে বই ও সিডিসহ তাকে গ্রেপ্তার করে। রাত সাড়ে ১০টার দিকে আজিজের দেখিয়ে দেওয়া স্থান সালনায় একটি ভাড়া বাড়ি থেকে সায়মনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে অংশ নেয়া গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুল মমিন জানান, আজিজ ও সায়মনকে গ্রেপ্তার করা ছাড়াও ঢাকার শেওড়াপাড়া থেকে বাবুল আনসারীর আরও দু’জন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
