ভোলার মেঘনায় ৪ ট্রলার ছিনতাই, ৪০ জেলেকে পানিতে নিক্ষেপ
ভোলার তজুমদ্দিন এলাকার মেঘনা নদীতে শনিবার জলদস্যুরা হামলা চালিয়ে চারটি মাছধরা ট্রলার নিয়ে গেছে।
এসময় দস্যুরা ৪০ জন জেলেকে পানিতে নিক্ষেপ করে। ঘটনার পর দস্যুরা প্রতিটি ট্রলারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোরে মেঘনার মৌলভীর চর ও চর তাজাম্মুল এলাকায় জলদস্যু আলাউদ্দিন বাহিনী, বাচ্চু বাহিনী ও মিজান বাহিনীর জলদস্যুরা একযোগে হামলা চালিয়ে ছলেমান মাছি, শহীদ মাঝি, আলাউদ্দিন মাঝি এবং রুহুল আমিন মাঝির চারটি ট্রলার ছিনিয়ে নিয়ে যায়।
এসময় ট্রলারের ৪০ জন মাঝিকে দস্যুরা নদীতে নিক্ষেপ করে। তাদের মধ্যে কামাল, মনির, মহিউদ্দিন, রহিম, আলাউদ্দিনসহ ২০ জন আহত হয়।
এর আগে ২৭ সেপ্টেম্বর কোস্টগার্ড ও পুলিশ সদসস্যের সঙ্গে জলদস্যুদের সংঘর্ষে ১৫ জন জলদস্যু নিহত এবং গুলিবিদ্ধ চার জলদস্যুকে আটক করা হয়।
