বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং জ্বালানি খাতে উন্নয়ন ধারণার জন্যে বিশ্বব্যাংকের ৪ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা
উন্নয়নশীল দেশগুলোতে বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং জ্বালানি খাতে নতুন ধারণার জন্যে বিশ্বব্যাংক ৪ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা দিয়েছে।
‘ইনোভেশন ইন ওয়াটার, স্যানিটেশন এবং এনার্জি সার্ভিসেস ফর পুওর পিপল’ শিরোনামের এ পুরস্কারের জন্য উন্নয়নশীল দেশগুলোর সুশীল সমাজ, যুব সংগঠন, বেসরকারি সংগঠন, এবং বেসরকারি বিভিন্ন সংস্থা অংশ নিতে পারবে। নতুন কোন প্রস্তাবের জন্য যে কোন সংগঠন সর্ব্বোচ্চ দুই লাখ ডলার পুরস্কার পাবে বলে বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিশ্বব্যাংক উন্নয়নশীল দেশগুলোর একশ’ কোটিরও বেশি লোকের জন্য বিশুদ্ধ পানি, দুইশ’ ষাট কোটি লোকের জন্য স্যানিটেশন সুবিধা, এবং তিনশ কোটি লোকের জন্য জ্বালানি সুবিধা পৌঁছে দিতে এ পুরস্কারের ঘোষণা দিয়েছে।
বিশ্বব্যাংক জানিয়েছে, এ বছরের ৩০ নভেম্বর পর্যন্ত নতুন কোন ধারণা গ্রহণ করা হবে। যারা প্রতিযোগিতায় অংশ নিতে চায় তাদের পরিবেশ, স্বাস্থ্য, প্রাকৃতিক সম্পদ এবং সার্ভিস ডেলিভারি এ চারটি ক্যাটাগরির আওতায় অংশ নিতে হবে।
গত বছর বিশ্বব্যাংক ৪ মিলিয়ন ডলার পুরস্কার প্রদান করে এবং ১৩৬ টি দেশ থেকে ২৬৩৮ টি প্রস্তাব পায়। এর মধ্যে শতকরা ৫৮ ভাগ প্রস্তাব আসে বিভিন্ন এনজিও ১৪ ভাগ প্রস্তাব আসে বেসরকারি সংগঠন থেকে।
বিশ্বব্যাংক এ পর্যন্ত আটশত ছোটবড় প্রকল্পে প্রায় ৩৪ মিলিয়ন ডলার পুরস্কার প্রদান করেছে।
