বিমানের বৈমানিকরা আবার ভারতগামী ফ্লাইট চালাচ্ছেন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বৈমানিকরা আবার ভারতগামী ফ্লাইট চালাতে শুরু করেছেন।
বিমান সূত্র জানায়, ভারত সরকার বাংলাদেশের বৈমানিকদের বিষয়ে নেওয়া সিদ্ধান্ত এখনই কার্যকর করবে না বলে জানানোর পর বাংলাদেশ বিমানের বৈমানিকরা এখন নিয়মিতভাবেই ভারতগামী ফ্লাইট চালাচ্ছেন।
এ বিষয়ে বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন (বাপা) সভাপতি ক্যাপ্টেন নাসিম বিডিনিউজকে জানান, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিমানকে দেওয়া এক পত্রে জানিয়েছে, বাংলাদেশের কোনো যাত্রীর কাগজপত্রে ক্রটি পাওয়া গেলে ওই ফ্লাইটের বৈমানিকের সর্বোচ্চ পাঁচ বছর জেল ও জরিমানা করা হবে সংক্রান্ত ভারত সরকারের যে সিদ্ধান্ত ছিলো তা এখনই কার্যকর হচ্ছে না। আগামী বছর ১ মে থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে।
তিনি জানান, ভারত সরকারের ওই পত্র পাওয়ার পর বাপা’র বৈমানিকরা বৃহস্পতিবার থেকে আবার বিমানের দিল্লি, মুম্বাই ও কলকাতা ফ্লাইট চালতে শুরু করেছেন। এর আগে ভারত সরকারের ওই সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাপা বিমানের ভারতগামী ফ্লাইট বন্ধ করে দেয়। বাধ্য হয়ে বিমান বিদেশি বৈমানিক দিয়ে ভারতগামী ফ্লাইট চালাতে শুরু করে।
এদিকে বিমানের ৬১ শতাংশ শেয়ার বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ‘এক তরফা সিদ্ধান্তের’ প্রতিবাদে সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের সংগঠনের স্টিয়ারিং কমিটি আন্দোলনে যাওয়ার চিন্তা-ভাবনা করছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বৃহস্পতিবার বিমানের পরিচালনা পর্ষদ এক বৈঠক থেকে বাজারে ৬১ শতাংশ শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নেয়। ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ এ সিদ্ধান্ত কার্যকর করবে।
এ বিষয়ে স্টিয়ারিং কমিটির অন্যতম নেতা ক্যাপ্টেন নাসিম বলেন, ৬১ শতাংশ শেয়ার বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হলে বিমানের ওপর সরকারি কর্তৃত্ব আর থাকছে না। স্টিয়ারিং কমিটির সঙ্গে আলাপ আলোচনা ছাড়াই বিমানকে এভাবে বেসরকারিকরণের প্রতিবাদে আমরা আন্দোলনে যাওয়ার চিন্তা করছি। শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
