২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের প্রথম সাফারী পার্কটি প্রতিষ্ঠার পাঁচ বছর পরেও পূর্ণাঙ্গ রূপ লাভ করেনি

কক্সবাজার জেলার চকোরিয়ার ডুলহাজারায় প্রতিষ্ঠিত দেশের প্রথম সাফারী পার্কটি প্রতিষ্ঠার পাঁচ বছরেও পূর্ণাঙ্গ রূপ লাভ করতে পারেনি। জীব বৈচিত্র সংরক্ষণ, ইকো-ট্যুরিজম ও বন এবং প্রাণী বিদ্যার ওপর গবেষণার সুযোগ সৃষ্টির জন্য প্রতিষ্ঠিতটি এ পার্কটি পূর্ণাঙ্গ রূপ লাভ না করায় দর্শকরা এসে হতাশ হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

সমীর বড়ুয়া,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2005, 06:57 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

কক্সবাজার জেলার চকোরিয়ার ডুলহাজারায় প্রায় ১১’শ হেক্টর নয়নাভিরাম পাহাড়ী জমির উপর সাফারী পার্ক প্রতিষ্ঠার কাজ শুরু হয় ২০০০-২০০১ সালে। কিšতু সমন্বিত উদ্যোগের অভাবে পার্কটি এখন পূর্ণাঙ্গ রূপ লাভ করতে পারেনি।

দেশি বিদেশি ‘বিরল ও বিলুপ্ত প্রায়’ প্রজাতির প্রাণী সংরক্ষণ পার্কটি প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য হলেও এখন পর্যন্ত এটির উল্লেখযোগ্য অংশের নির্মাণ কাজ সম্পন্ন হয়নি।

পার্ক কর্তৃপক্ষ সূত্র বলেছে, পর্যাপ্ত ফান্ডের অভাবে ও দর্শক সমাগম কমে যাওয়াতে পার্কের উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে।

পার্কের ইনচার্জ বাহাদুর আলী কালাম জানিয়েছেন, প্রতিদিন গড়ে প্রায় এক হাজার দর্শকের সমাগম হয়। কিন্তু পশুদের খাদ্য ও পার্কের সংরক্ষিত এলাকায় দর্শকদের জন্য দুটি বাস চালু রাখতে দর্শক ফির পুরোটাই ব্যয় হয়ে যাচ্ছে।

পার্কের একজন কর্মকর্তা জানিয়েছেন পার্কের উন্নয়নের জন্যে সরকারে কাছে একটি বাজেট পেশ করা হয়েছিলো। কিন্তু সরকার এই বাজেট কাটছাট করতে বলায় উন্নয়ন কাজ থমকে আছে।

দর্শকরা অভিযোগ করেছেন,বন্যপ্রাণী প্রেমিক ও দর্শকদের জন্য আকর্ষণীয় তেমন কিছু নেই, তাছাড়া চিড়িয়াখানার তুলনায় এখানে নতুনত্বও কিছু নেই।

সাফারী পার্কের দর্শনার্থী চট্টগ্রাম ভেটেনারী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয বর্ষের ছাত্র আরমান কবির সুমন বিডিনিউজের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন, সাফারী পার্ক পরিদর্শনে এসে হতাশ হতে হয়েছে। ‘এটা সাফারী পার্ক নয়, বড় মাপের চিড়িয়াখানা’ বলেও তিনি উল্লেখ করেন।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে এখানে ১৭০ প্রজাতির বিরল ও বিলুপ্ত প্রায় প্রাণী ও উদ্ভিদ রয়েছে। এর মধ্যে অধিকাংশই স্তন্যপায়ী, সরিসৃপ, উভয়চর প্রানী, পাখি, গুল্ম জাতীয় গাছ, বিভিন্ন আকারের গাছ, লতা, বাঁশ ও অর্কিড।

চকোরিয়া পৌরসভা থেকে পাঁচ কিলোমিটার দূরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পার্শ্বে অবস্থিত সাফারী পার্ক প্রতিষ্ঠার প্রথম পর্যায়ে হরিণ,বাঘ, ভালুক, সিংহ, হাতী, ও নিরীহ তৃণভোজী প্রাণীদের জন্য আলাদা আলাদা বেষ্টনী, প্রকৃতিবীক্ষণ কেন্দ্র, তথ্য ও শিক্ষা কেন্দ্র, এবং হিষ্ট্রী মিউজিয়াম, পর্যবেক্ষন টাওয়ার, রেষ্ট হাউজ ও ডরমিটরী নির্মান করা হচ্ছে।

সাফারী পার্কের ন্যাচরাল হিষ্ট্রী মিউজিয়াম দর্শনার্থীদের বিশেষ করে শিক্ষক ও ছাত্রদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। এখানে প্রায় ২০০০ প্রানী ও ৩০০ উদ্ভিদের ইতিহাস সংরক্ষণ করার পরিকল্পনা আছে। কিন্তু পর্যাপ্ত ফান্ডের আভাবে এখন পর্যন্ত হিষ্ট্রী মিউজিয়ামকে পূর্ণাঙ্গ রূপ দেয়া সম্ভব হচ্ছে না বলে প্রকল্প পরিচালক তপন কুমার দে বিডিনিউজকে জানিয়েছেন।