২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানিগঞ্জে নির্যাতন চালিয়ে বাস হেলপার হত্যা, আহত ২

কেরানিগঞ্জে ক্ষমতাসীন দলের এক ক্যাডারের বাড়িতে আটক অবস্থায় নির্যাতনের শিকার হয়ে এক ব্যক্তি নিহত এবং অপর দু’জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2005, 06:55 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

নিহত আবদুস সালাম (৩৫) নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা এলাকার বাসিন্দা।

আহতরা হচ্ছে, মোহাম্মদ জাকির (৩০) এবং মোস্তফা (৩৫)।

পুলিশ শুক্রবার সকালে নিহতের লাশ এবং আহতদের উদ্ধার করেছে।

আহতদেরকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, জেলার আইনথা গ্রামের ক্ষমতাসীন দলের ক্যাডার আহসান উল্লাহ ওই তিনজনকে তার বাড়িতে তিনদিন ধরে আটকে রেখে নির্যাতন চালায়। এতে আহসান উল্লাহর সহযোগী জাকির হোসেন, আবুল বাশার, রেদোয়ান ও অন্যরাও অংশ নেয়।

নির্যাতনের এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে আবদুস সালামের মৃত্যু হলে আহসান উল্লাহর সহযোগীরা তার লাশ রস্তায় ফেলে রেখে আসে। এলাকাবাসী শুক্রবার লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ নিহত আবদুস সালামের লাশ এবং বন্দি জাকির ও মোস্তফাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কেরানিগঞ্জ থানা পুলিশ জানায়, নিহত আবদুস সালাম একটি বাসের হেলপার এবং আহত দু’জনের একজন বাসের চালক ও অপর জন হেলপার।

এস আই রফিকুল ইসলাম তালুকদার বিডিনিউজকে বলেন, বাস চোর সন্দেহে ঘাতক আহসান উল্লাহ তাদেরকে আটকে রেখে নির্যাতন চালায়।