বেগম রোকেয়া পদক বাছাই কমিটির সভা অনুষ্ঠিত
বেগম রোকেয়া পদক দেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সভা কক্ষে বাছাই কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বেগম খুরশীদ জাহান হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংস্কৃতি বিষয়ক সচিব এহসান শামীম, তথ্য সচিব ড. মুহম্মদ মাহবুবুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক সচিব ব্যারিস্টার হায়দার আলী, সমাজকল্যাণ সচিব কাজী মনোয়ারুল হক, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. হেদায়েতুল ইসলাম চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রাপ্ত মনোনয়নসমূহের প্রাথমিক বাছাই বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। সভার সুপারিশ পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।
নারী জাগরণের ক্ষেত্রে বেগম রোকেয়ার অবিস্মরণীয় অবদান থেকে অনুপ্রাণিত হওয়ার লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ১৯৯৫ সাল থেকে বেগম রোকেয়া পদক দেওয়া হচ্ছে।
নারী শিক্ষা, নারী অধিকার, আর্থ-সামাজিক উন্নয়ন এবং গ্রাম বাংলার লোকজ সাহিত্য সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ ও পল্লী উন্নয়নে বিশেষ গুরুত্বপূর্ণ অবদানের জন্যে অনূর্ধ্ব দু’জন বিশিষ্ট বাংলাদেশী নারীকে সাধারণত বেগম রোকেয়া পদক দেওয়া হয়।
