২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ১৭ আগস্টের বোমার হামলার বিচার শুরু, বিভিন্ন জেলায় আরও ৯ জন গ্রেপ্তার

সারা দেশে ১৭ আগস্ট সিরিজ বোমা বিস্ফোরণের অভিযোগে জয়পুরহাটে আটক জেএমবি সদস্যদের বিচারকাজ শুরু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2005, 09:35 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে বৃহস্পতিবার চার্জশিটভুক্ত ২৮ জন জেএমবি সদস্যের বিচারপক্রিয়া শুরু হয়। এর মধ্যে ২০ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

এদিকে জয়পুরহাট, চট্টগ্রাম, চাঁদপুর, ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেএমবি’র সদস্য সন্দেহে আরও নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ জয়পুরহাট প্রতিনিধি জানান, ১৭ আগস্টের সিরিজ বোমা হামলায় জড়িত ২৮ জনের বিরুদ্ধে ৩ সেপ্টেম্বর নিম্ন আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চার্জশিটভুক্ত গ্রেপ্তারকৃতদের জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।

আদালতে আসামি পক্ষের আইনজীবীগণ জামিনের আবেদন জানালে বিচারক নরেন্দ্র চন্দ্র দাস তা নাকচ করে দিয়ে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

১১ অক্টোবর মামলার পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করা হয়েছে।

এদিকে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থান থেকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে জেএমবি’র এক প্রশিক্ষক রফিকুল ইসলামসহ তিনজন সদস্যকে। গ্রেপ্তারকৃত অন্যরা হলো-আজিজার মুন্সি এবং মকবুল হোসেন।

১৭ আগস্ট বোমা বিস্ফোরণে জড়িত ও জেএমবি সদস্য সন্দেহে জেলায় পুলিশ ও র‌্যাব এ পর্যন্ত ৪৫ জনকে গ্রেফতার করেছে।

বিডিনিউজ চট্টগ্রাম প্রতিনিধি জানান, জেলার কাট্টলী এবং বান্দারবান এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা।

গ্রেপ্তারকৃত শাহাদাত এবং লাল্টুর স্বীকারোক্তি অনুযায়ী গোয়েন্দা পুলিশ শহরের উত্তর কাট্টলী এলাকার একটি মেস থেকে জেএমবি সদস্য সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

এছাড়া আবদুল্লাহ নামে অপর এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বান্দরবান জেলা থেকে।

বিডিনিউজ চাঁদপুর প্রতিনিধি জানান, জেলার এজএমবি’র অন্যতম আঞ্চলিক কমান্ডার সাইফুল্লাহ ওরফে গালিব ওরফে শামীম হোসেন (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি সাতক্ষীরা জেলার সদর উপজেলার ইটাগাছা এলাকায়। তার পিতার নাম তমিজ উদ্দিন সরদার। চার বোন ও তিন ভাইয়ের মধ্যে সে ছোট।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাইফুল্লাহ গালিব স্থানীয় পিএন হাইস্কুলে নবম শ্রেণীতে পড়ার সময় ছাত্র শিবিরে যোগ দেয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে সাইফুল্লাহ জানায়, ২০০৪ সালে চট্টগ্রামের টাইগারপাসে জেএমবির চট্টগ্রাম বিভাগীয় প্রধান আশ্রাফের সাথে তার পরিচয় হওয়ার পর সে জেএমবিতে যোগ দেয়। পরে শায়খ আবদুর রহমানের ছোট ভাই আতউর রহমান ওরফে সানির সহায়তায় সে এবং আশ্রাফসহ মোট ২৫ জনের একটি দল খুলনার বালিয়াডাঙ্গা এলাকায় বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করে।

সাইফুল্লাহ জানায়, আশ্রাফের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। ১৭ আগস্ট ও ৩ অক্টোবর চাঁদপুর লক্ষ্মীপুর, নোয়াখালি, কুমিল্লা ও ফেনীতে বোমা হামলার পরিকল্পনা করে সে।

সাইফুল্লাহ আরও জানায়, তাদের পরবর্তী হামলার টার্গেট ছিলো পুলিশ বাহিনীর সদস্যরা।

বিডিনিউজ বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট ও খুলনা থেকে আটক বাংলাভাই এর দুই ক্যাডারসহ চার জঙ্গিকে জিজ্ঞাসাবাদের জন্যে আট দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ১৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বাগেরহাট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. সবুর হোসেনের আদালতে প্রেরণ করা হয় তাদের।

এরা হচ্ছে, জসিম মোল্লা (৩২) ও কালিম মোল্লা (২৩), জিল্লুর রহমান ওরফে জিনু মোল্লা (৬০) এবং ওবায়েদুর রহমান ভুঁঞা (২৪)। প্রত্যেকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, ধৃতরা নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সক্রিয় সদস্য।

বিডিনিউজ ফরিদপুর প্রতিনিধি জানান, জেলার আলফাডাঙ্গা থানা পুলিশ বুধবার রাতে জেএমবি’র সদস্য সন্দেহে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের চর নারায়নদিয়া গ্রাম থেকে মঞ্জুরুল করিম ও হিদাডাঙ্গা গ্রাম থেকে ইয়াছিন নামে দুই যুবককে আটক করেছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন জানান, আটককৃতদের বাড়ি থেকে জেহাদ সম্পর্কিত বই-পুস্তক, লিফলেট ও ইসলামী ছাত্র সেনার দু’টি ব্যানার উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, জেলার জজকোর্টে বোমা হামলাকার সন্দেহে আটক জেএমবি সদস্য মাসুমকে জিজ্ঞাসাবাদের জন্যে আরও ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছিল।