২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, পানীয় জল ও ত্রাণ সংকটে বানভাসি মানুষের দুর্ভোগ

দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। একটানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে উত্তরাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

নওগাঁর ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়ন এখন বন্যা কবলিত। জয়পুরহাটের ৪টি উপজেলার ৪২টি গ্রামের মানুষ পানি বন্দী হয়ে পড়েেেছ। সরকারিভাবে ত্রান দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল।

অন্যদিকে নীলফামারীর বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও বিশুদ্ধ পানীয় জল ও ত্রাণ সংকটের কারণে দুর্ভোগের মুখে পড়েছে বানভাসি মানুষ। বন্যাক্রান্ত এলাকায় মানুষের দুর্ভোগ আরও বেশি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে।

বিডিনিউজ জয়পুরহাট প্রতিনিধি জানান, গত ৪ দিনের টানা বর্ষন ও উজান থেকে নেমে আসা ঢলে জয়পুরহাটে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে প্লাবিত হচ্ছে জেলার নতুন নতুন এলাকা। পাঁচবিবি, আক্কেলপুল, ক্ষেতলাল ও সদর উপজেলার ৪২টি গ্রামের প্রায় ২৫ হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যা দুর্গত এলাকায় ৩৩টি স্থানে আশ্রয় শিবির খোলা হয়েছে। প্রায় আট শতাধিক গৃহহীন পরিবার আশ্রয় শিবিরে ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। বন্যা দুর্গত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। জয়পুরহাট-বগুড়া মহাসড়ক, শহরের পল্লী বিদ্যুৎ অফিস, জেলা মৎস্য অফিস ও বানিয়া পাড়ায় ৩/৪ ফুট পানি রাস্তার উপরে উঠায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জেলার প্রায় ২০ হাজার হেক্টর জমির রোপা আমন ফসল ও শাক-সবজি বন্যার পানিতে তলিয়ে গেছে। জেলার চার হাজারের বেশী পুকুরের প্রায় ছয় কোটি টাকার মাছ ভেসে গেছে বলে জানিয়েছে জেলা মৎস্য অফিস।

এদিকে জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে বন্যা দুর্গতদের জন্য নগদ এক লাখ টাকা ও ৫০ মেট্রিক টন চাল বিতরণ করেছেন। এছাড়া নগদ অনুদানের জন্য ছয় লাখ টাকা, গৃহ নির্মানের জন্য অনুদান হিসাবে ১০ লাখ টাকা, সাতশ’ বান্ডেল ঢেউটিন এবং শাড়ী ও লুঙ্গি সরকারের ত্রাণ তহবিল থেকে চাওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।

বিডিনিউজ নওগাঁ প্রতিনিধি জানান, জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। নতুন করে আত্রাই নদীর ধামুইরহাট উপজেলার চন্দ্রকোলা, মহাদেবপুর উপজেলার এনায়েতপুর এবং পত্নীতলার পয়নারীতে বাঁধ ও রাস্তা ভেঙ্গে নওগাঁ শহরসহ সাত উপজেলার ৬৭ ইউনিয়ন সম্পূর্ণরূপে প্লাবিত হয়েছে। গত দুই দিনে দেয়াল চাপায় নিয়ামতপুর উপজেলার দীঘিপাড়া গ্রামের হোসেন আলী (৫৫) নামে একজন এবং বদলগাছী উপজেলার বিলাসবাড়ি গ্রামে দেয়াল চাপায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া বন্যার পানিতে ভেসে যাওয়ার সময় বিলাসবাড়ি ইউনিয়নের লোকজন অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। নওগাঁ শহরের আরও নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় শহরের ৭৫ ভাগ এলাকা এখন দুই থেকে পাঁচ ফুট পানির নীচে। নওগাঁ সদর, বদলগাছী, মহাদেবপুর, মান্দা, নিয়ামতপুর, পত্নীতলা, ধামুইরহাট এই সাতটি উপজেলার মধ্যে মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বদলগাছীর মথুরাপুর, আধাইপুর, কোলা ও বিলাসবাড়ি ইউনিয়ন সম্পূর্ণরূপে পানির নীচে তলিয়ে গেছে। এই উপজেলার অপর চারটি ইউনিয়নের ৭৫ ভাগ এলাকা বন্যার পানির নীচে। এ সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বন্যা প্লাবিত এ সব এলাকার লোকজন বাড়ি-ঘর ছেড়ে গরু,ছাগলসহ বিভিন্ন স্কুল কলেজ, মাদ্রাসা, উঁচু রাস্তা ও বাঁধে আশ্রয় নিয়েছে।

বন্যা দুর্গত এলাকায় সরকারি ও বেসরকারি পর্যায়ে ত্রাণ তৎপরতা না থাকায় বন্যা কবলিত প্রায় সাড়ে ৪ লক্ষ মানুষকে অর্ধাহার, অনাহারে মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। এসব এলাকায় বিশুদ্ধ পানি সংকট ও স্যানিটেশন সমস্যার কারণে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। জেলায় এ পর্যন্ত সরকারিভাবে মাত্র ৫৪ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।

বদলগাছীর ইউ.এন.ও আব্দুল বাতেন মিয়া জানিয়েছেন, প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ও বিশুদ্ধ পানির অভাবে বন্যা দুর্গত লোকজনকে মানবেতর অবস্থায় দিনযাপন করতে হচ্ছে। তিনি পরিস্থিতি মোকাবেলায় জরুরী ভিত্তিতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী, খাবার স্যালাইন ও ব্লিচিং পাউডার প্রেরণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছেন। বন্যায় এ পর্যন্ত নওগাঁ জেলায় সরকারি হিসেবে এক লাখ ৪০ হাজার ৮৬৫ পরিবারের প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে ৬১ হাজার ৭৮০টি। রোপা-আমন ফসলহানীর পরিমাণ এক লাখ হেক্টর ছাড়িয়ে গেছে। এছাড়া ছোট যমুনা ও আত্রাই নদীর ১৩টি স্থানে ২১০০ ফুট বাঁধ ভেঙ্গে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য রাস্তা, ব্রিজ, কালভার্ট। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নওগাঁ জেলা সদরের সাথে রাণীনগর, আত্রাই ছাড়া অপর আটটি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার জেলার উপর দিয়ে প্রবাহিত ছোট যমুনার পানি বিপদসীমার ৭৪ সেঃ মিঃ উপর দিয়ে এবং আত্রাই নদীর পানি বিপদসীমার ৩৪ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিত হয়। ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নওগাঁ শহরের বন্যা পরিস্থিতির ক্রম অবনতিসহ রাণীনগর ও আত্রাই উপজেলার বন্যার পানি ঢুকতে শুরু করেছে।

বিডিনিউজ নীলফামারী প্রতিনিধি জানান, জেলায় বৃষ্টিপাত কমে যাওয়ায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গ্রামে-গ্রামে, পাড়ায়-মহল্লায় লক্ষাধিক বানভাসি মানুষের মধ্যে তীব্র হয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। সংকট মোকাবেলায় জেলা প্রশাসন বানভাসি মানুষের জন্য বৃহস্পতিবার আরও চাল বরাদ্দ দিয়েছে। এ নিয়ে এ পর্যন্ত জেলায় ৪৫ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হলো। জেলা প্রশাসক রবীন্দ্রনাথ রায় চৌধুরী জানিয়েছেন, দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় থেকে আরো ৫০ মেট্রিক টন চাল ও এক লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। আজ কালের মধ্যে সেগুলোও বিতরণ করা হবে।

বন্যর পানি থেকে নিজেদের ঘর-বাড়ি বাঁচাতে জলঢাকা উপজেলার কাঁঠালি ইউনিয়নে তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর ক্যানেলের প্রায় একশ’ ফুট এলাকা গ্রামবাসী কেটে দেয়ায় গোটা বাঁধটি হুমকির মুখে পড়েছে। এখনও ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান নিরুপন করা সম্ভব হয়নি। তবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভয়াবহ এই বন্যায় জেলার প্রায় ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে।