রমজানে ডায়াবেটিস রোগীদের জন্যে ওষুধ
ধর্মপ্রাণ মুসলমান ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর বয়ে এনেছেন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তিন জন চিকিৎসক।
যেসব মুসলমান ডায়াবেটিস রোগী অসুস্থ হয়ে পড়ার আশংকায় রোজা রাখতে পারছিলেন না, তাদের জন্যে এ চিকিৎসকরা যৌথভাবে একটি ওষুধ নির্ধারণ করেছেন। এটি সেবনের ফলে সংযম পালনকারী ডায়াবেটিস রোগীরা হাইপোগ্লিসেমিয়া ও কেটোএসিডোসিসের মতো ঝুঁকি এড়াতে সক্ষম হবেন।
ঢাকার বারডেম হাসপাতালের ক্লিনিক্যাল গবেষণা পরিচালক ডা. হাজেরা মাহতাব, ভারতের শ্রীনগরের এসকে ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্স’র এন্ডোক্রিনোলজি বিভাগের প্রধান ডা. আবদুল জারগার এবং পাকিস্তানের করাচিতে অবস্থিত বাগাই ইন্সটিটিউট অব ডায়াবেটোলজি’র প্রধান ডা. আবদুল বাসিত রোজা পালনকারীদের জন্য সালফোনিলুরিয়াস (ডায়াবেটিস টাইপ-২ এর ক্ষেত্রে ব্যবহৃত প্রথম পর্যায়ের ওষুধ) সমৃদ্ধ ওষুধ সেবনের পরামর্শ দিয়েছেন।
তারা বলেন, রমজানের সময় ডায়াবেটিস রোগীরা দিনে দুই বার স্বল্প সময়ে কার্যকরী সালফোনিলুরিয়াস গ্রুপের রিপাগলিনাইড ও নাটিগলিনাইড জাতীয় ওষুধ সেবন করতে পারেন।
ইসলামে অসুস্থ ব্যক্তির সংযম পালনে বিরত থাকার কথা বলা হলেও ভারতের ৮০ ভাগ এবং বাংলাদেশের বেশিরভাগ মুসলমান ডায়াবেটিস রোগী রমজানের রোজা রাখেন। চিকিৎসরা জানান, রোজার সময় বাদে যেহেতু দিনে দুই থেকে তিনবার খাবার গ্রহণ করার সময় পাওয়া যায়, তাই এ সময়ের মধ্যে মুসলমান ডায়াবেটিস রোগীরা দু’বার এ ওষুধ সেবনের মাধ্যমে কোনও ঝুঁকি ছাড়াই রোজা রাখতে পারেন।
